'ঠান্ডাজনিত সমস্যা মুক্তি দিতে পারে' ভিটামিন ডি বড়ি
যুক্তরাজ্যের গবেষকেরা বলছেন, সম্পূরক হিসেবে ভিটামিন ডি বড়ি সেবন ঠান্ডাজনিত সমস্যা ও ইনফ্লুয়েঞ্জা থেকে মুক্তি দিতে পারে। বিশেষ করে শীতকাল ও শরৎকালে সম্পূরক হিসেবে এই বড়ি সেবন করা যেতে পারে।
রোদ পেলে শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই ভিটামিন কেবল স্বাস্থ্যকর হাড়ের জন্যই জরুরি নয়, শরীরের রোগ প্রতিরোধব্যবস্থায়ও এর ভূমিকা রয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের একটি সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এরই মধ্যে স্বাস্থ্যকর হাড় ও মাংসপেশির জন্য শরৎকাল ও শীতকালে সম্পূরক হিসেবে ভিটামিন ডি গ্রহণের পরামর্শ দিয়েছে।
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে মতপ্রকাশ করে বলা হয়েছে, খাদ্যদ্রব্যে এই ভিটামিন যুক্ত করা উচিত। তবে পিএইচই বলছে, গবেষণা প্রতিবেদনে সংক্রমণজনিত রোগ থেকে মুক্তি পাওয়ার বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা চূড়ান্ত নয়। তবে পিএইচই সম্পূরক হিসেবে এই বড়ি সেবনের পরামর্শ দিয়ে বলেছে, মাংসপেশি ও হাড়ের স্বাস্থ্যের উন্নতির জন্য এটা গ্রহণ করা উচিত।
শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সংক্রামক-শক্তিনাশক হাতিয়ার হিসেবে ভিটামিন ডি ব্যবহার করে থাকে। তবে সূর্যের আলোয় চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি হলেও শীতকালে অনেক মানুষের শরীরে এই ভিটামিনের ঘাটতি দেখা দেয়।
সংক্রমণজনিত সমস্যা প্রতিরোধে এই ভিটামিনের কার্যকারিতা নিয়ে গবেষণায় মিশ্র ফল পাওয়া গেছে। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষক দল শ্বাসনালির সংক্রমণজনিত রোগের বিষয়ে ভিটামিন ডি-এর কার্যকারিতা কতটুকু, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সার্বিকভাবে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূরক হিসেবে ভিটামিন ডি সেবন করা ৩৩ জনের মধ্যে একজন সংক্রমণজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এটা ফ্লু-এর টিকা থেকে বেশি কার্যকর। টিকায় প্রতি ৪০ জনের মধ্যে একজনের ক্ষেত্রে কার্যকর ফল পাওয়া যায়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, মাসে সুপার ডোজ নেওয়ার চেয়ে প্রতিদিন বা সপ্তাহে ভিটামিন ডি বড়ি সেবনে বেশি উপকার পাওয়া যায়। এ ছাড়া যেসব লোকদের এই ভিটামিনের ঘাটতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তাদের ক্ষেত্রে এই বড়ি কার্যকর।
ভিটামিন ডির প্রধান কাজ হলো শরীরের ক্যালসিয়াম ও ফসফেটকে নিয়ন্ত্রণে রাখা। এটা হাড়, দাঁত ও মাংসপেশির বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য জরুরি। তীব্র মাত্রায় ভিটামিন ডির ঘাটতি হলে শিশুরা রিকেট রোগে আক্রান্ত হতে পারে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অস্টেওম্যালাসিয়া হতে পারে। এই রোগে আক্রান্ত রোগী হাড় ও মাংসপেশিতে তীব্র ব্যথা অনুভব করে থাকেন।
তবে শরীরের ভিটামিন ডির মাত্রায় ভারসাম্য থাকতে হবে। ভিটামিন ডির মাত্রা বেশি হলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়, যা হৃদ্যন্ত্র ও কিডনির সমস্যা তৈরি করতে পারে।
গবেষক প্রফেসর আদ্রিয়ান মার্টিন্যু বলেন, যুক্তরাজ্যের ৬ কোটি ৫০ লাখ লোকের মধ্যে প্রতিবছর ৭০ শতাংশ শ্বাসনালির সংক্রমণজনিত কোনো না কোনো সমস্যায় ভুগে থাকে। প্রতিদিন বা সপ্তাহে সম্পূরক হিসেবে ভিটামিন ডি সেবনের মাধ্যমে ৩২ লাখের বেশি মানুষ এই রোগ থেকে মুক্তি পেতে পারে।
পিএইচই এরই মধ্যে স্বাস্থ্যকর হাড় ও মাংসপেশির জন্য শরৎকাল ও শীতকালে সম্পূরক হিসেবে ভিটামিন ডি গ্রহণের পরামর্শ দিয়েছে। এ ছাড়া যাঁরা সূর্যের আলো একদমই কম পেয়ে থাকেন, তাঁদের সারা বছরই সম্পূরক হিসেবে এই ভিটামিন গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে রোদ পেলে শরীরে প্রাকৃতিকভাবেই ভিটামিন ডি তৈরি হয়।