'তিন তালাক' পর্যালোচনায় ভারতের সুপ্রিম কোর্ট
মুসলিম সমাজে বিবাহবিচ্ছেদে ব্যবহৃত ‘তিন তালাক’ অসাংবিধানিক বলে ঘোষণা করতে আদালতে আবেদন জানিয়েছে ভারতীয় সরকার। সরকার বলছে, এটি নারীর মর্যাদা আর লৈঙ্গিক ন্যায়বিচারের বিরুদ্ধে।
‘তিন তালাকের’ মাধ্যমে বিবাহবিচ্ছেদের চর্চাকে চ্যালেঞ্জ করে করা কয়েকটি পিটিশনের ওপর মুক্ত শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন সর্বোচ্চ আদালত। আদালত বলেছেন, তারা তিন তালাক নামে পরিচিত ওই চর্চার সঙ্গে ধর্মের মৌলিক সম্পর্ক আছে কি না, তা পরীক্ষা করবেন। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
যেসব মুসলিম সংগঠন এই চর্চাকে সমর্থন করে, তারা বলছে যে এটা বিশ্বাস আর ব্যক্তিগত আইনের বিষয়। এটি পর্যালোচনায় আদালতের কোনো ভূমিকা নেই।
ভারত মুষ্টিমেয় দেশগুলোর মধ্যে অন্যতম, যেখানে একজন মুসলিম পুরুষ তিনবার তালাক শব্দটি উচ্চারণ করে মিনিটের মধ্যে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারেন। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, এই চর্চা ‘বৈষম্যমূলক’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বর্তমান সরকার মানবাধিকারকর্মীদের এই দাবির পক্ষে অবস্থান নিয়েছে। সরকার আদালতকে বলেছে, তিন তালাক অসাংবিধানিক এবং এই চর্চা নারীদের সম্মান ও লৈঙ্গিক সমতার বিরোধী। কয়েক বছর ধরে ভারতে মুসলিম নারীরা ‘নিন্দনীয়’ এই চর্চাকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন।
স্পর্শকাতর এই ইস্যুগুলো নিয়ে শুনানি করছেন বিভিন্ন বিশ্বাসের পাঁচজন বিচারপতির একটি বেঞ্চ। এই বিচারপতিদের মধ্যে একজন হিন্দু, একজন শিখ, একজন খ্রিষ্টান, একজন জরথুস্ট্র ও একজন মুসলিম সম্প্রদায়ের লোক। এই ইস্যুটি পরীক্ষা করে দেখতে এই বেঞ্চ কয়েকজন মুসলিম নারী ও মানবাধিকার সংগঠনগুলোর করা পিটিশনগুলো একত্র করেছেন।
যুক্তি তুলে ধরার জন্য এই পিটিশনের বিরোধিতাকারীদের তিন দিন সময় দেওয়া হয়েছে। ১৯ মে এই শুনানি শেষ হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে এই পিটিশনের রায় দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।