'তৃণমূল হটাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিএম সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: ভাস্কর মুখার্জি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিএম সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের শাসনক্ষমতা থেকে তৃণমূলকে এবং কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিএম। আজ রোববার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে আয়োজিত সমাবেশ থেকে এ ডাক দেওয়া হয়।

সমাবেশে সিপিএমের নেতারা বলেন, দুর্নীতিতে ডুবে যাওয়া পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে না পারলে এই রাজ্যের কোনো উন্নতি হবে না। মমতার সরকার সমাজবিরোধীদের সরকার।

দুপুরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ভাষণ দেন সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি, পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, কেরালার রাজ্য সম্পাদক কে বালাকৃষ্ণান, সিপিএম পলিটব্যুরোর সদস্য ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রবীণ সিপিএম নেত্রী ও পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত, সিপিএম সাংসদ ও কেন্দ্রীয় সদস্য মহম্মদ সেলিম, সিপিএমের পলিটব্যুরো সদস্য ও বর্তমান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু প্রমুখ।

সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, ‘সামনে লড়াই, তৈরি হও। এই লড়াইয়ে আমাদের লড়তে হবে, জিততে হবে। বিজেপি বিষ ছড়াচ্ছে, আগুন ছড়াচ্ছে, এই বিজেপিকে সরাতে হবে।’ তিনি আরও বলেন, ‘তৃণমূল হটাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও’।

সমাবেশে সীতারাম ইয়েচুরি বলেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠেছে। তৃণমূলের এখন আর এই রাজ্যের ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি এই মহাসমাবেশে ‘তৃণমূলকে সরাও, বাংলা বাঁচাও; মোদিকে সরাও, দেশ বাঁচাও’—এর ডাক দেন।

সূর্যকান্ত মিশ্র তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের কথা উল্লেখ করে বলেন, একই বৃন্তে দুটি ফুল—বিজেপি ও তৃণমূল। মানিক সরকার বলেন, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের বিকল্প বামফ্রন্টই। বামফ্রন্টকে আবার এই রাজ্যের ক্ষমতায় আনতে হবে। আর কে বালাকৃষ্ণান বলেন, পশ্চিমবঙ্গে চলছে জঙ্গলরাজ। এই জঙ্গলরাজকে হটিয়ে এই রাজ্যে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সরকার গড়তে হবে।