'দেশভাগ এখনো শেষ হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান থেকে পালিয়ে এখন ভারতে থাকছেন যোগদাস। ছবি: এএফপি
পাকিস্তান থেকে পালিয়ে এখন ভারতে থাকছেন যোগদাস। ছবি: এএফপি

যোগদাস কয়েক দশক ধরে পাকিস্তান থেকে ভারতে আসার চেষ্টা করছিলেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ‘নির্যাতনের’ শিকার হচ্ছিলেন তিনি। ভেবেছিলেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতে এলে হয়তো ভাগ্য বদলাবে। কিন্তু সে আশায় গুড়েবালি। সীমান্তের দুই পাশেই জীবনের একই বাস্তবতা মেনে নিতে হয়েছে তাঁকে।

দেশভাগের ৭০ বছর পূর্তি হচ্ছে এ বছর। ১৯৪৭ সালে মানব ইতিহাসের সবচেয়ে বড় দেশান্তরের ঘটনা ঘটেছিল। এখনো প্রতিবছর পাকিস্তান থেকে হিন্দু ধর্মাবলম্বীরা ভারতে চলে যাচ্ছেন। সীমান্তের কাছে অস্থায়ী শিবির বানিয়ে বসবাস করছেন তাঁরা। সেখানে বৈধভাবে কাজ করার কোনো অনুমতি নেই তাঁদের।

পাকিস্তান থেকে আসা এসব হিন্দুর কেউ কেউ পাথর ভাঙার কাজ শুরু করেছেন। সেটিও অবৈধ। কিন্তু কিছু করে খেতে তো হবে! তাই কর্তৃপক্ষের নজর এড়িয়ে কোনোক্রমে চলছে তাঁদের জীবিকা নির্বাহ। হিন্দুপ্রধান ভারতে মর্যাদার জীবন পাওয়ার স্বপ্ন দেখলেও সেখানে মিলছে বাঁকা চাহনি।

যোধপুরের একটি শিবিরে থাকেন ৮১ বছরের যোগদাস। তিনি বলেন, ‘কোনো কাজ নেই। কোনো বাড়ি নেই, অর্থ নেই, খাবার নেই। পাকিস্তানে আমরা ছিলাম কৃষক। কিন্তু এখানে বাধ্য হয়ে পাথর ভাঙার কাজ করতে হচ্ছে। আমাদের জন্য দেশভাগ এখনো শেষ হয়নি। হিন্দুরা এখনো ভারতে আসার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখানে আসার পর কিছুই পাচ্ছে না।’

১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার পর প্রায় দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। ভারত থেকে মুসলমানরা পাকিস্তানে, আর পাকিস্তান থেকে হিন্দুরা ভারতে আসতে থাকে। দেশভাগের ওই সময়ে প্রায় এক মাস ধরে দাঙ্গা চলেছিল। এ সময় সহিংসতায় নিহত হয় কমপক্ষে ১০ লাখ মানুষ।

পাকিস্তান থেকে অনেক হিন্দু ভারতে চলে এলেও এখনো পাকিস্তানের অন্যতম বড় ধর্মীয় সম্প্রদায় হিন্দু। বিভিন্ন সময়ের পরিসংখ্যানে তারতম্য থাকলেও বলা যায়, এখনো পাকিস্তানের ২০ কোটি মানুষের ১ দশমিক ৬ শতাংশ হিন্দু। তাদের অভিযোগ, সেখানে অপহরণ, ধর্ষণ, জোর করে বিয়েসহ নানা ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে।

খরা থেকে বাঁচতে দেশভাগের মাত্র কয়েক মাস আগে পাকিস্তানে চলে গিয়েছিল যোগদাসের পরিবার। কিন্তু সেখানে গিয়ে বিপাকে পড়েন তাঁরা। যোগদাস বলেন, ‘দেশভাগের পরপরই এসব হয়রানি শুরু হয়। সেখানে একটি দিনও শান্তিতে থাকতে পারিনি আমরা।’

পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে সবচেয়ে বেশি হিন্দু ভারতে আসে। থর মরুভূমির ভেতর দিয়ে চার ঘণ্টার ট্রেনভ্রমণ শেষে রাজস্থানের যোধপুরে ঢোকে তারা। এই অঞ্চলটির সংস্কৃতি, খাবার ও ভাষার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়া তাদের জন্য তুলনামূলক সহজ।

লোকালয় থেকে বিচ্ছিন্ন শিবিরে তাদের থাকতে হয়। এর ওপর আছে স্থানীয় সম্প্রদায় ও প্রশাসনের খবরদারি ও সন্দেহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার মুখে বলছে, পাকিস্তান থেকে আসা নির্যাতিত হিন্দুদের সহজে আশ্রয়ের ব্যবস্থা করা হবে। গত বছর তাদের রাজ্য সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে নাগরিকত্বের জন্য তাদের কেন্দ্রীয় সরকারের কাছে যেতে হতো। কিন্তু বাস্তবে আমলাতান্ত্রিক জটিলতায় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে লম্বা সময় লাগে।

ভারতের যোধপুরে একটি বিচ্ছিন্ন শিবিরে থাকছে পাকিস্তান থেকে পালিয়ে আসা এই হিন্দু পরিবার। ছবি: এএফপি
ভারতের যোধপুরে একটি বিচ্ছিন্ন শিবিরে থাকছে পাকিস্তান থেকে পালিয়ে আসা এই হিন্দু পরিবার। ছবি: এএফপি

৬৪ বছর বয়সী খানারামজী ১৯৯৭ সালে পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন। আর নাগরিকত্ব পেয়েছেন ২০০৫ সালে। তিনি বলেন, অনেকেই ভারতীয় নাগরিকত্ব পাওয়ার হাজারো হ্যাপা সহ্য করতে না পেরে শেষমেশ পাকিস্তানেই ফিরে গেছেন।

খানারামজী বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। আমরা গরু-ছাগলের মতো, যেগুলোর কোনো মালিক নেই। স্রেফ নিজেদের চেষ্টায় বেঁচে থাকতে হয় আমাদের।’

খানারামজী ভাগ্যবান। কারণ সাত-আট বছর অপেক্ষার পর অন্তত ভারতের বৈধ নাগরিক হতে পেরেছেন তিনি। কিন্তু যাঁরা অবৈধভাবে শিবিরে থাকছেন, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে তাঁদের জীবন অতিষ্ঠ।

পাকিস্তান থেকে আসা হিন্দুদের জন্য যোধপুরে একটি দাতব্য প্রতিষ্ঠান চালান হিন্দু সিং সোধা। মোদি সরকারের সামগ্রিক পদক্ষেপে অখুশি তিনি। তিনি বলেন, ‘তাঁদের জীবন স্রেফ নরকে পরিণত হয়। কারণ এসব ঝামেলা তাঁদের জীবনকে এলোমেলো করে দেয়।’

এএফপি অবলম্বনে অর্ণব সান্যাল