'ধর্মগুরু'র পালিত কন্যাই ডেরার নতুন দাবিদার!

দুই অনুসারীকে ধর্ষণের দায়ে ভারতের ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হয়ে এখন কারাগারে আছেন। তাঁর সাজা কত দিন বা কী ধরনের সাজা হবে, আগামীকাল সোমবার তা আদালত ঘোষণা করবেন। কিন্তু এরই মধ্য আলোচনায় এসেছে তাঁর সম্পদের কী হবে। কে হবেন তাঁর উত্তরসূরি। এ আলোচনা সামনে আসার কারণ হলো দোষী সাব্যস্ত হওয়ার পর রাম রহিমকে কারাগারে নেওয়ার সময় পাশে পালিত কন্যাকে দেখা গেছে। ডেরার উত্তরসূরি হিসেবে সামনে চলে এসেছে তারই নাম।
‘ধর্মগুরু’ রাম রহিমের নিত্য ছায়াসঙ্গী ছিলেন তাঁর পালিত কন্যা হানীপ্রিত ইনসান। তার ‘বাবা’র ডেরা ভক্তরা তাঁকে ‘বাবার দেবদূত’ বলে চেনেন ও তা মানেনও। ডেরা সচ সওদা সিরসা আশ্রমের প্রধান রাম রহিমের দত্তক সন্তান হানীপ্রিত ইনসান ছাড়াও তিন সন্তান আছেন। দত্তক নেওয়া হানীপ্রিতকেই এখন রাম রহিমের উত্তরসূরি হওয়ার অন্যতম দাবিদার বলে মনে করছেন রাম রহিমের ভক্তরা।
হানীপ্রিতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা। সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয়তাও তুঙ্গে। ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যাটাও অবাক করার মতো, পাঁচ লাখ। রাম রহিমের ভক্তরা অনেকেই মনে করেন, হানীপ্রিতের সিদ্ধান্তই তাঁর ‘বাবা’র সিদ্ধান্ত। পালিত কন্যা হলেও বাবার খুবই ঘনিষ্ঠ। আর তাই খুব অল্প সময়েই তাঁর উত্থান।

হিসারের ফতেহাবাদের এক সাধারণ ঘরে জন্ম প্রিয়াঙ্কার। ১৯৯৯-এ সিরসার এক ডেরা ভক্ত বিশ্বাস গুপ্তের সঙ্গে তাঁর বিয়ে হয়। সেই সময় থেকেই রাম রহিমের সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠতা। প্রিয়াঙ্কা থেকে তিনি পরিচিত হন হানীপ্রিত নামে। রাম রহিমই প্রিয়াঙ্কাকে এ নাম দেন।
রাম রহিমের ভক্তদের দাবি, ‘বাবা’র কাছে শ্বশুরবাড়ির পণ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন হানীপ্রিত। এরপরই নাকি ২০০৯ সালে হানিকে দত্তক নেন রাম রহিম। তখন থেকেই বাবার ছায়াসঙ্গী হানি।
ডেরার ভক্তদের মতে, হানীপ্রিত খুবই প্রতিভাবান। খুব অল্প সময়ের মধ্যে কোনো কিছু রপ্ত করে নিতে সিদ্ধহস্ত। সামাজিক যোগাযোগের মাধ্যমে হানীপ্রিত নিজেকে সমাজসেবী, নির্দেশক, পরিচালক এবং অভিনেত্রী হিসেবে বর্ণনা করেছেন। মেয়ের এসব গুণে ‘বাবা’ও ছিলেন আপ্লুত।
ডেরা সচ সওদা সিরসা ডেরার ওয়েবসাইটে বলা হয়েছে, রাম রহিম যখন হানীপ্রিতকে নির্দেশনার জন্য কঠোর পরিশ্রম করতে দেখেছিলেন, তখনই সিদ্ধান্ত নেন, মেয়েকে তার একটি ছবি পরিচালনার কাজ দেবেন। পরে দিয়ে ছিলেন। ‘মেসেঞ্জার অব গড: দ্য ওয়ারিয়র লায়ন হার্ট’ ছবিটি পরিচালনার কাজ করেন হানীপ্রিত। ২০১৫ সালে ওই ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন হানি।
দোষী সাব্যস্ত হওয়ার পর রাম রহিমকে যখন গ্রেপ্তার করে রোহিতকের কারাগারে যখন নেওয়া হয়, তখন হানীপ্রিতকে তাঁর পাশেই দেখা গেছে। তাই তিনি ডেরার উত্তরসূরি হবেন বলে মনে করা হচ্ছে। হানীপ্রিত ছাড়া রাম রহিমের দুই মেয়ে হলেন আমারপ্রিত কৌর ইনসান ও চরনপ্রিত ইনসান। আর ছেলে জসমিত সিং ইনসান। তবে আসলেই কে হবেন উত্তরসূরি, সেটা জানার জন্য আরও অপেক্ষা করতে হবে।
রাজস্থানের গঙ্গানগর জেলার এক গ্রামে ৫০ বছর আগে জন্ম নেওয়া যে বালককে পড়শিরা ‘মিতা’ নামে চিনতেন, পরবর্তীকালে তিনিই নাম পরিবর্তন করে হয়ে ওঠেন ‘রাম রহিম ইনসান’। হরিয়ানার সিরসা শহরের ডেরা সচ সওদা নামের এক ধর্মীয় গোষ্ঠীর প্রধান হয়ে ওঠেন তিনি। সাদা কুর্তা ছেড়ে শুরু করেন উজ্জ্বল ঝলমলে পোশাক পরা। একাধারে সন্ত, দার্শনিক, ধর্মপ্রচারক, সংগীতশিল্পী, অভিনেতা, লেখক, বাস্তুকার—এককথায় বহু গুণের প্রকাশ ঘটান তিনি। ‘এমএসজি’ বা ‘মেসেঞ্জার অব গড’ নামের এক সিনেমায় অভিনয়ও করেন তিনি। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস