'নতুন ভারত' গড়তে মুখ্যমন্ত্রীদের আহ্বান নরেন্দ্র মোদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অর্থনৈতিক সংস্কার ও পরিকল্পনাবিষয়ক কর্তৃপক্ষ নিতি আয়োগের বৈঠকে ‘নতুন ভারত’ গড়তে সব রাজ্য ও মুখ্যমন্ত্রীকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে গতকাল রোববার নিতি আয়োগের পরিচালনা পর্ষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ১৫ বছরের রূপকল্প নিয়ে আলোচনায় বসে নীতি আয়োগ। অর্থনীতির চাকার গতি আরও বাড়াতে আগামী ১৫ বছরের পরিকল্পনা ছাড়াও আগামী সাত বছরের জন্য সরকারের কৌশল নিয়েও কথা হয়। সেই সঙ্গে তিন বছরমেয়াদি এক কর্মপরিকল্পনাও আলোচিত হয়।

বৈঠকে নীতি নির্ধারণে মুখ্যমন্ত্রীদের ভূমিকার প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, এই প্রথমবারের মতো মুখ্যমন্ত্রীদের কাছে কেন্দ্র থেকে বাস্তবায়নের উপযোগী পরিকল্পনা চাওয়া হয়েছে।

নিতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া ১৫ বছরমেয়াদি কর্মপরিকল্পনার মূল বিষয়গুলো তুলে ধরে জানান, এই পরিকল্পনায় শুধু অর্থনীতি আর সামাজিক খাতই প্রাধান্য পাচ্ছে না, অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষাও গুরুত্ব পাচ্ছে।