'নরখাদকের' ফাঁসি
ভারতে সুরিন্দর কোলি নামের এক ক্রমিক খুনির ফাঁসি আগামী ১২ সেপ্টেম্বর কার্যকর হতে যাচ্ছে। ১৪ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে তার দেহাংশ খেয়ে ফেলার দায়ে সুরিন্দরের ফাঁসির রায় হয়।
একটি মামলার রায়ে সুরিন্দরের ফাঁসি হলেও পুলিশ বলেছে, সুরিন্দর কমপক্ষে ১৯জন মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছেন এবং লাশ কেটে খেয়েছেন। সুরিন্দর বলেছেন, প্রেতসাধনার অংশ হিসেবে তিনি এই পৈশাচিক কাজ করেছেন।
২০০৯ সালে ১৪ বছর বয়সী রুম্পা হালদারকে হত্যার দায়ে সুরিন্দর এবং তাঁর ব্যবসায়ী মনিব মনিন্দর সিং পাঁধেড়কে দোষি সাব্যস্ত করা হয়। পরে উচ্চতর আদালত পাঁধেড়কে খালাস দেন।
২০০৭ সালে দিল্লির অদূরে নৈদা এলাকায় পাঁধেড়ের বাড়ির কাছে মৃতদেহের কয়েকটি অংশ খুজে পাওয়ায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় পুলিশের অবহেলায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।
নৈদা শহরে পাঁধেড়ের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সুরিন্দর। পুলিশ বলেছে, ওই বাড়িতে কমপক্ষে ১৯ নারী ও শিশুকে ধর্ষণ ও হত্যার পর অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হয়।
চকলেট ও মিষ্টির প্রলোভন দেখিয়ে সুরিন্দর বাচ্চাদের ডেকে নিয়ে হত্য করতেন এবং তাদের মাংস কেটে খেতেন বলে আদালতে স্বীকার করেন। কয়েকটি ব্যাগে ভরা তাদের দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। আদালতে প্রেতসাধনার কথাও স্বীকার করেন সুরিন্দর।
আদালত সুরিন্দর কোলির এ ঘটনাগুলোকে ‘ব্যতিক্রমের ব্যতিক্রম’ বলে উল্লেখ করেছেন।
উত্তর প্রদেশের মীরাটের মূল কারাগারের প্রধান এসএইচএম রিজভিকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া বলেছে, আইন ও বিধি মেনে মৃত্যুদণ্ডটি ১২ সেপ্টেম্বর কার্যকর করা হবে।
মৃতুদণ্ডের ঘটনা ভারতে বেশ বিরল। গত দই বছরে ভারতে মোট দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার দায়ে আজমল কাসাবের মৃত্যুদণ্ড হয়। ২০১২ সালের নভেম্বরে পুনের একটি কারাগারে এই দন্ড কার্যকর করা হয়।
ভারতের পার্লামেন্টে হামলার জন্য দিল্লির তিহার জেলে আজমল গুরু নামে একজন কাশ্মীরির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে।