'নারীরা কেন জিনস পরে চার্চে আসেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা পোশাক হিসেবে জিনস পরে কেন চার্চে আসেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের কেরালা রাজ্যের এক ধর্মযাজক। ওই খ্রিষ্টান ধর্মগুরু কয়েক মাস আগে এমন মন্তব্য করেন। এক অনুষ্ঠানে করা ওই মন্তব্যের ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছে। এরপরই তা ভাইরাল হয়ে যায়।

ওই ভিডিওর সূত্র ধরে এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই ধর্মযাজক বলেন, পুরুষদের যেমন নারীদের পোশাক পরা উচিত নয়, তেমনি নারীও যেন পুরুষদের পোশাক না পরেন, সে দিকে খেয়াল রাখা উচিত।

ভাইরাল হওয়া ভিডিওতে ধর্মযাজককে বলতে শোনা গেছে, ‘চার্চে যখন কোনো নারী জিনস পরে ও হাতে মোবাইল ফোন নিয়ে আসেন, তখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে হয়। চুল না আঁচড়ে চুল খোলা রেখে নারীরা চার্চে আসেন।’ শুধু তা-ই নয়, চুল খোলা রেখে কেন নারীরা চার্চে আসেন, তা নিয়েও প্রশ্ন তোলেন ওই ধর্মযাজক। গির্জায় এ ধরনের পোশাক পরে আসার কী মানে, বুঝি না।

ওই ধর্মযাজক বলেছেন, তার বক্তব্য এডিট করা হয়েছে। 

কেরালার ওই ধর্মযাজক ভিডিওতে বলেন, ‘কেন যে নারীরা জিনস পরে গির্জায়, আমি বুঝতে পারি না। আমি তাঁদের জিজ্ঞাসা করতে চাই, এখানে ক্যাথলিক চার্চে নারীরা জিনস পরে বসেন। এটা পুরুষদের পরিধানের পোশাক। সেখানে এমন লোক যারা শুধু আত্মনিয়ন্ত্রণের জন্য এখানে আসেন। যখন তাঁরা এমন অর্ধনগ্ন নারীদের দেখেন, তখন তাঁরা অপরাধের দিকে ধাবিত হতে পারেন। যদি আপনার পোশাক অন্যকে প্রলুব্ধ করে, তবে এর দায় আপনার ওপরই বর্তায়।’

ওই ধর্মযাজকের এমন মন্তব্য ইউটিউবে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকে তির্যক নানান করেছেন।

বিনি মেরি চান্দি ফেসবুকে মন্তব্য করে বলেন, ‘এটা অগ্রহণযোগ্য...একেবারে বিরক্তিকর।’

অপর একজন ফেসবুক ব্যবহারকারী আইরিন-লিসা পুথানভেট্টিল মন্তব্য করেন, ‘যদি নারীর পোশাক সব খারাপ কিছুর কারণ হয়, তাহলে কেন মেয়েরা পর্দা এবং ইউনিফর্ম পরা অবস্থায় ধর্ষণের শিকার হন? ওই ধর্মযাজককে বিরক্তিকর ঘোষণা করা হোক। আমি আশা করি, পোপ ফ্রান্সিস এ ব্যাপারে কথা বলবেন।’

কেরালার ওই ক্যাথলিক চার্চের পক্ষ থেকে ধর্মযাজক পল থেল্লাক্কাট এনডিটিভিকে বলেন, ‘ওই ধর্মপ্রচারক যা বলেছেন, তা সমর্থনযোগ্য নয়। কোনো যাজকের নারীদের পোশাক কোড নির্দেশ করার অধিকার নেই। নারী-পুরুষ উভয়েই সমান এবং সুন্দর।’

তাঁর এমন বিস্ফোরক মন্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ইউটিউব থেকে এই ভিডিওটি সরিয়ে ফেলার দাবি উঠেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। তাদের দাবি, এ ধরনের মন্তব্য প্রচারিত হতে থাকলে তা দেখে এই ধর্মযাজকের অনুগামীরা নারীদের ওপর আক্রমণ চালাতে পারে।