'নারীরা কেন শান্তিতে থাকতে পারবেন না?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নারী নির্যাতন বেড়েই চলেছে। নারীদের ধর্ষণ, শ্লীলতাহানি ও হত্যার ঘটনায় মামলা হচ্ছে বেশ। এমন পরিস্থিতিতে একটি মামলার শুনানির সময় দেশটির সুপ্রিম কোর্ট প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘এই দেশে নারীরা কেন শান্তিতে থাকতে পারবেন না।’

আজ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি এম এম সান্ত্বনা গৌড়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আপিল মামলার শুনানির সময় এই প্রশ্ন করেন।

ভারতের গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, হিমাচল প্রদেশে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করেন এক ব্যক্তি। পরে ওই কিশোরী আত্মহত্যা করে। এই মামলায় অভিযুক্ত ব্যক্তির সাত বছরের কারাদণ্ডাদেশ দেন রাজ্য হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। আজ এই আপিলের শুনানি ছিল। শুনানির সময় দেশটির সর্বোচ্চ আদালত ওই প্রশ্ন করেন।

আদালত বলেন, ‘কোনো নারীকে জোর করে কেউ ভালোবাসতে বাধ্য করতে পারেন না। কারণ ওই নারীর নিজস্ব স্বাধীনতা আছে। নারী কোনো ব্যক্তিকে ভালোবাসবেন কি বাসবেন না, তা তিনি নিজেই পছন্দ করে ঠিক করবেন।’

পুলিশ জানায়, নিহত কিশোরীর বাবা প্রথমে ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণ ও ধর্ষণের মামলা করেন। এই মামলায় তিনি খালাস পান। পরে ওই ব্যক্তি কিশোরীকে উত্ত্যক্ত করেন ও হুমকি দেন। এ ঘটনায় ওই কিশোরী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আত্মহত্যার প্ররোচনার মামলায় পরে ওই ব্যক্তির সাত বছরের কারাদণ্ডাদেশ দেন রাজ্য হাইকোর্ট।

আপিল শুনানির সময় আদালতের বেঞ্চ আবেদনকারী ওই ব্যক্তিকে বলেন, তিনি কিশোরীকে উত্ত্যক্ত করে এমন পরিস্থিতির সৃষ্টি করেছেন, যাতে মেয়েটি আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে। তিনি দোষী।