'নির্বাচনে সন্ত্রাসের আশ্রয় নেওয়ার চেষ্টা চালাতে পারে শাসকদল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে এক আলোচনা সভায় বিভিন্ন বক্তা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শাসক দল এবারের নির্বাচনে সন্ত্রাসের আশ্রয় নেওয়ার চেষ্টা চালাতে পারে। এই সন্ত্রাসকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। নির্বাচন করতে হবে অবাধ ও নিরপেক্ষ।
আজ বুধবার কলকাতা প্রেস ক্লাবে ‘আসন্ন বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গ কোন পথে ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা বলেন, আগামী বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে এই রাজ্যে ফের পরিবর্তন আসবে। আজ পশ্চিমবঙ্গের সর্বত্র মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানুষের স্বাধীনতা খর্ব হচ্ছে। গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সহিংসতা বাড়ছে। বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। বাড়ছে দ্রব্যমূল্য। শুধু তাই নয়, গত সাড়ে চার বছরের শাসনে পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ। এ থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।
কলকতার ‘সেন্টার ফর পিচ অ্যান্ড প্রোগ্রেস’এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সিপিএম সাংসদ মুহম্মদ সেলিম, কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র ও অরুনাভ ঘোষ, বিজেপির রাজ্য সম্পাদক সুপ্রীয় রায় চৌধুরী, তৃণমূল কংগ্রেসের কর্ণেল (অব.) সব্যসাচী বাগচী, মানবাধিকার আন্দোলনকারী অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং সেন্টার ফর পিচ অ্যান্ড প্রোগ্রেসের সভাপতি ওপি শাহ প্রমুখ।
তবে তৃণমূল নেতা সব্যসাচী বাগচি তাঁর আলোচনায় বিরোধীদের দাবি নস্যাৎ করে বলেন, পশ্চিমবঙ্গে ওই ধরণের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।