'নির্ভয়া' ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড বহাল

২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে ‘নির্ভয়া’ ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত চারজনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দোষী ব্যক্তিদের যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে করা আবেদন খারিজ হয়।
দণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজন শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে রিভিউ আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর বানুমাথি ও বিচারপতি অশোক ভূষণ ওই আবেদন খারিজ করে এ রায় দেন।
তবে দণ্ডিত ব্যক্তিরা চাইলে এ রায়ের বিরুদ্ধে আবারও আপিল করতে পারবেন। এতেও সাজা না কমলে শেষ সুযোগ হিসেবে তাঁরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন।
যে তিনজন আবেদন করেছিলেন, তাঁরা হলেন মুকেশ সিং (২৯), পবন গুপ্ত (২২) ও বিনয় শর্মা (২৩)। চতুর্থ দণ্ডিত ব্যক্তি ৩১ বছরের অক্ষয় কুমার সিং। তিনি শাস্তি কমানোর আবেদন করেননি।
গত বছরের ৫ মে দিল্লি হাইকোর্টের দেওয়া রায়ই বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের রায়ের পর দণ্ডিত ব্যক্তিরা বলেছিলেন, বিচারের নামে এটি আসলে ঠান্ডা মাথায় করা খুন।
২০১২ বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী মেডিকেলের ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাহসের পরিচয় দেওয়ায় ভারতের গণমাধ্যম ওই ছাত্রীকে ‘নির্ভয়া’ নামে অভিহিত করে।

এই মর্মান্তিক ঘটনার পর দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সাধারণ মানুষ। জনরোষের মুখে ঘটনার কয়েক দিন পর বাসের চালকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালের ১১ মার্চ তিহার জেলে থাকা অবস্থায় প্রধান আসামি বাসচালক রাম সিং মারা যান। তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়। এ ঘটনার আরেক আসামি কিশোর হওয়ায় তাকে তিন বছরের জন্য অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। জুভেনাইল হোমে তিন বছর কাটানোর পর ছাড়া পায় সে।
আজকের এ রায়ের পর ন্যাশনাল কমিশন ফর ওমেনের চেয়ারম্যান রেখা শর্মা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে বিচার পেতে দেরি হতে পারে কিন্তু বিচার হবেই। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এর মাধ্যমে প্রমাণিত হয় আইন নিজের গতিতে চলবে।
রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন নির্ভয়ার মা-বাবা। রায়ের পর নির্ভয়ার মা বলেন, ‘তাদের লড়াই এখানেই শেষ হয়নি। বিচারে বিলম্বের কারণে সমাজের অন্য মেয়েদের ভুক্তভোগী হতে হয়েছে। আমি বিচারপতিদের অনুরোধ করছি, কঠোর বিচারব্যবস্থা গড়ে তুলুন। যত দ্রুত সম্ভব দোষী ব্যক্তিদের ফাঁসি কার্যকর করে অন্য নারী ও শিশুদের সাহায্য করুন। এই অপরাধীরা অপ্রাপ্তবয়স্ক ছিল না। এটা দুর্ভাগ্যজনক যে তারা এমন অন্যায় কাজ করেছে। বিচার পাওয়া যায়—এ রায়ের মধ্য দিয়ে আমাদের বিশ্বাস আরও জোরালো হলো।’