'নোট বাতিলের সিদ্ধান্ত না বুদ্ধিদীপ্ত না মানবিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর্ত্য সেন
অমর্ত্য সেন

কালোটাকার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার যে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে ‘না বুদ্ধিদীপ্ত, না মানবিক’ বলে মন্তব্য করেছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ও ভারতরত্ন উপাধি পাওয়া অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির একটি সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
অমর্ত্য সেন বলেন, ‘কালোটাকার বিরুদ্ধে এ লড়াই পুরো ভারতেই প্রশংসিত হওয়ার কথা। কিন্তু এখন আমাদের প্রশ্ন করতে হচ্ছে, যে পদ্ধতিতে লড়াইটা হচ্ছে, তা কি ভালো? যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, তাতে অর্জন খুব কমই হবে, কিন্তু ভোগান্তিটা হবে বেশি।’
পূর্বঘোষণা ছাড়াই গত ৮ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী টেলিভিশনে ঘোষণা দেন, কালোটাকার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সেদিন মধ্যরাতের পর থেকেই ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল বলে গণ্য হবে। হঠাৎ এ সিদ্ধান্তের ফলে ভারতে অর্থসংকটে পড়ে যান সাধারণ মানুষ। জাতীয় স্বার্থে সংক্ষিপ্ত সময়ের জন্য সৃষ্ট এই সংকট মেনে নেওয়ার আহ্বান জানান মোদি।
অমর্ত্য সেন বলেন, কালোটাকার নগদ অর্থের পরিমাণ ৬ শতাংশের বেশি হবে না, খুব বেশি হলেও তা ১০ শতাংশের কমই আছে। তিনি বলেন, ‘সরকারের উদ্দেশ্যের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও সংস্কারের পন্থায় আপত্তি আছে আমার। আমরা সবাই চাই, কালোটাকার ব্যাপারে একটা কিছু করা হোক। তবে তা অবশ্যই বুদ্ধিদীপ্ত এবং মানবিক হতে হবে। কিন্তু সরকারের সিদ্ধান্তে তার প্রতিফলন ঘটেনি।’