'নৈরাজ্যের' প্রতিবাদে মহামিছিল

ভারতের পশ্চিমবঙ্গে ‘গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠা এবং নৈরাজ্যের প্রতিবাদে’ কলকাতার বিদ্বজ্জনদের ডাকে এক মহামিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে কলকাতার কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে এই মিছিল ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে কলকাতার বহু বিদ্বজ্জন উপস্থিত ছিলেন। হাইকোর্টের সাবেক বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অশোকনাথ বসু, সাবেক উপাচার্য আনন্দ দেব মুখার্জি, পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার হাসিম আবদুল হালিম, কলকাতার সাবেক মেয়র বিকাশ ভট্টাচার্য, চিত্রকর সমীর আইচ, নাট্যকার চন্দন সেন, বাদশা মৈত্র, অভিনেত্রী রুপা গাঙ্গুলি, ফুটবলার শিবাজী বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ মহামিছিলে যোগ দেন।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, চোখ রাঙিয়ে ধমক দিয়ে প্রতিবাদ রোধ করা যাবে না।
হাসিম আবদুল হালিম বলেন, এখন প্রতিবাদ প্রতিরোধ করার সময় এসে গেছে। অশোক নাথ বসু বলেন, রাজ্যে আইনের শাসন নেই। পবিত্র সরকার বলেন, রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে। এ ছাড়াও সমীর আইচ, বিকাশ ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন।