ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে একটা ‘নোংরা যুদ্ধ’ (ডার্টি ওয়ার) চলছে এবং ভারতীয় সেনারা তাতে নীরব দর্শক হয়ে থাকবে না। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর এ মন্তব্যকে ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো সংঘাতে দুপক্ষেরই গোপন যুদ্ধকৌশল থাকে। সেটা সামনে এনে ভারতীয় সেনাপ্রধান হয়তো খুব বিচক্ষণতার পরিচয় দেননি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের কৌশলের সঙ্গেই এটা তুলনীয়। তবে ফারাক, ভারত কাশ্মীরে তা করতে চাইছে রীতিমতো ঘোষণা দিয়ে।
‘কাশ্মীরের বিক্ষোভকারীরা যদি পাথর না ছুড়ে গুলি ছুড়ত, তবে ভারতীয় সেনারা অনেক বেশি খুশি হতো’—জেনারেল বিপিন রাওয়াতের এ মন্তব্যও চমকে দিয়েছে অনেককে। তাঁর যুক্তি ছিল, কাশ্মীরে ‘নোংরা যুদ্ধ’ চললেও পাথরের জবাবে সেনারা এত দিন গুলি ছুড়তে পারেনি। তবে এখন থেকে সেনারা পাল্টা ‘নোংরামি’ করতে দ্বিধা করবে না।
ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ রাহুল বেদি বলেন, বিপিন রাওয়াত অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ করেছেন; কারণ এই কথাগুলো মুখে বলা যায় না।
গত মাসে কাশ্মীরি এক যুবককে জিপের সামনে বেঁধে ঘুরেছিল একদল সেনা। বলা হয়েছিল, বিক্ষোভকারীরা এতে সেনাদের জিপে পাথর ছুড়তে পারবে না। এ নিয়ে তোলপাড় হলেও ওই ঘটনায় জড়িত সেনা কর্মকর্তাকে সম্প্রতি পুরস্কৃত করে সেনাবাহিনী। তখন প্রশ্ন ওঠে, মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত কর্মকর্তাকে সম্মানিত করে ভারতীয় বাহিনী কোনো বার্তা দিচ্ছে কি না।
সেনাপ্রধানের ঘোষণাকে সেনাবাহিনীর কাশ্মীরে অনৈতিক কাজকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবেই দেখছে মানবাধিকার সংগঠনগুলো।
হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া প্রধান মীনাক্ষি গাঙ্গুলী বলেছেন, ‘ভারতের সেনাবাহিনী বহুদিন ধরেই সেখানে পাথর নিক্ষেপকারী আর জঙ্গিদের একই চোখে দেখছে। যারা আজ কাশ্মীরে পাথর ছুড়ছে তারা হলো চিলড্রেন অব কনফ্লিক্ট। কুড়ি-বাইশ বছরের এই যুবকদের জন্ম আশির দশকের পরে। জন্মের পর থেকেই তারা শুধু হিংসা দেখছে, মানবাধিকার লঙ্ঘন দেখছে। তাদের ডিল করার জন্য যে ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি দরকার, তা আমরা মোটেও দেখছি না।’