'পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বিচ্যুতি হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার এশিয়াটিক সোসাইটিতে বইয়ের মোড়ক উন্মোচন করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ৬ মার্চ। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার এশিয়াটিক সোসাইটিতে বইয়ের মোড়ক উন্মোচন করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ৬ মার্চ। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বিচ্যুতি হচ্ছে। মানুষে মানুষে বিভেদ বাড়ছে। আর এই বিভেদ দূর করার জন্য সুফিবাদ অন্যতম একটি শক্তিশালী অস্ত্র।

আজ মঙ্গলবার সকালে কলকাতার এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর মিলনায়তনে এক সেমিনারে এ কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। ‘আন্তধর্মীয় সম্প্রীতি ও বাংলার রুমি সৈয়দ আহমদুল হক’ শীর্ষক এই সেমিনারে এ কথা বলেন তিনি। যৌথভাবে এর আয়োজন করে কলকাতার এশিয়াটিক সোসাইটি এবং বাংলাদেশের আল্লামা রুমি সোসাইটি।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলকাতার এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চক্রবর্তী। আলোচনা করেন ঢাকার আল্লামা রুমি সোসাইটির সাবেক সভাপতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশের এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের সভাপতি আবদুল করিম, এশিয়াটিক সোসাইটি কলকাতার সভাপতি অধ্যাপক ঈশা মোহাম্মদ, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর মিয়া মোহাম্মদ মাঈনুল কবীর।

দিনব্যাপী এ সেমিনারে পরে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অমিত দে, বিশ্বভারতীর দর্শন বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মাহাদি হাসান, শিলংয়ের উত্তর-পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহনুরুর রহমান।
অনুষ্ঠানে ‘সৈয়দ আহমেদুল হক রচনাবলি’ বইটির দুটি খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়।