'বজরঙ্গি ভাইজান'-এর আরেক গল্প

দীর্ঘ এক যুগ পর গীতা ঘরে ফিরলেন, কিন্তু পরিবারকে চিনতে পারলেন না। গীতাকে পাশে বসিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ কথা জানিয়ে বলেন, বিহারের যে পরিবার গীতাকে তাদের হারানো মেয়ে বলে দাবি করেছিল, গীতার সঙ্গে সেই পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার পরই গীতা কার কাছে থাকবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তত দিন পর্যন্ত গীতা মধ্যপ্রদেশের ইন্দোরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হেফাজতে থাকবেন।
১০ বছর বয়সী মূক ও বধির গীতা ১৩ বছর আগে পরিবারছুট হয়ে পাকিস্তানে চলে যান। কীভাবে দেশ ছেড়ে তিনি প্রতিবেশী রাষ্ট্রে চলে যান, তা এখনো স্পষ্ট নয়। পাকিস্তানি রেঞ্জার্স লাহোর রেলস্টেশনে সমঝোতা এক্সপ্রেসে গীতাকে একা দেখতে পায়। শেষ পর্যন্ত পাকিস্তানের ইধি ফাউন্ডেশনে গীতার স্থান হয়। তিনি যে হিন্দু, ফাউন্ডেশনের চেয়ারপারসন বিলকিস ইধি বিভিন্ন ঘটনায় সেই প্রমাণ পেয়ে তাঁর নাম দেন গীতা। গতকাল সোমবার সকালে পাকিস্তান এয়ারলাইনসের বিমানে ইধি ফাউন্ডেশনের পাঁচজন গীতাকে নিয়ে দিল্লি আসেন। একই সময় দিল্লি এসে অপেক্ষায় ছিলেন বিহারের মাহাত দম্পতি ও অন্যরা। কিন্তু গীতা তাঁদের চিনতে পারেননি।
গীতার বাবা বলে যিনি দাবি করেছেন, সেই জনার্দন মাহাতর দাবি, পাঞ্জাবের জলন্ধরের কাছে বৈশাখী মেলায় গীতা হারিয়ে যান। জনার্দন সেই সময় পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ নিয়ে গিয়েছিলেন।
জনপ্রিয় হিন্দি সিনেমা সালমান খান অভিনীত বজরঙ্গি ভাইজান-এর সঙ্গে গীতার জীবনকাহিনির বিস্তর মিল। সিনেমাটি দেখার পর থেকে গীতা ভারতে ফিরতে আরও আগ্রহী হয়ে ওঠেন। গতকাল সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তান হাইকমিশনের পদস্থ কর্তারা গীতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। লাল-সাদা সালোয়ার-কুর্তায় গীতাকে খুবই উৎফুল্ল লাগছিল। পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত গতকাল সন্ধ্যায় গীতা ও ইধি পরিবারকে হাইকমিশনে আমন্ত্রণ জানান।
করাচিতে থাকাকালীন গীতার দাবি জানিয়ে একাধিক পরিবার ছবি পাঠিয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ নানা খোঁজখবর শেষে মাহাত পরিবারকেই প্রাথমিকভাবে চিহ্নিত করে। গীতাও তাদের একটি ছবি দেখে আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেন, তাঁরাই ওঁর বাবা-মা। অথচ গতকাল তাঁদেরই তিনি চিনতে পারলেন না। জনার্দন মাহাত অবশ্য জোরের সঙ্গে দাবি জানিয়েছেন, ডিএনএ পরীক্ষায় তিনি ঠিকই উতরে যাবেন। সেই বিশ্বাস তাঁর আছে।
ডিএনএ মিললেও গীতা যদি মাহাতদের মেনে নিতে রাজি না হন—এই প্রশ্নের জবাবে সুষমা স্বরাজ বলেন, তখন গীতাকে বোঝানো হবে, এটা বিজ্ঞানভিত্তিক পরীক্ষা, যা ভুল হওয়ার নয়। তাঁকে বুঝিয়ে-সুঝিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আর, ডিএনএ না মিললে গীতাকে ইন্দোরের স্বেচ্ছাসেবী সংস্থায় থাকতে হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল রাতে দেখা করেন গীতা। এরপর মোদি ঘোষণা দেন, গীতা পাকিস্তানের যে স্বেচ্ছাসেবী সংস্থা ইধি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ছিলেন, সেই ফাউন্ডেশনকে তিনি ১০০ কোটি রুপি দেবেন। পরে টুইটারে মোদি লিখেছেন, ‘স্বাগত গীতা। তোমাকে দেশে ফেরত পাওয়ার বিষয়টি সত্যিই আনন্দের। আজকে তোমার সঙ্গে সময় কাটিয়ে সত্যিই আনন্দিত হয়েছি।’