'বন্ধু' নেতানিয়াহুকে ভারতে স্বাগত মোদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে (ডানে) গতকাল নয়াদিল্লির বিমানবন্দরে স্বাগত জানানোর পর তাঁর সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l রয়টার্স
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে (ডানে) গতকাল নয়াদিল্লির বিমানবন্দরে স্বাগত জানানোর পর তাঁর সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l রয়টার্স

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রোববার ভারত সফর শুরু করেছেন। প্রটোকল ভেঙে ‘বন্ধু’ নেতানিয়াহুকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আলিঙ্গনের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।

দক্ষিণ এশিয়ার কোনো দেশে নেতানিয়াহুর এটাই প্রথম সফর। আর ইসরায়েলি কোনো প্রধানমন্ত্রীর ভারতে দ্বিতীয় সফর। চার দিনের এই সফরে নেতানিয়াহুর সফরসঙ্গী হয়েছেন ১৩০ জন প্রতিনিধি।

১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ২০০৩ সালে প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে গিয়েছিলেন অ্যারিয়েল শ্যারন। আর গত বছরের জুলাইতে প্রথম ভারতীয় নেতা হিসেবে ইসরায়েল সফর করেন মোদি। তখন নেতানিয়াহুকে ‘বন্ধু’ বলে আখ্যা দেন তিনি।

মোদির সঙ্গে নেতানিয়াহুর বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি অস্ত্রের অন্যতম ক্রেতা ভারত। দেশটি ইসরায়েল থেকে প্রতিবছর গড়ে ১০০ কোটি ডলারের সমরাস্ত্র কেনে।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে করা ৫০ কোটি ডলার মূল্যের অস্ত্রচুক্তি বাতিল করেছে ভারত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নয়াদিল্লি সফরের আগে এই চুক্তি বাতিলের ঘোষণা দেওয়া হয়। তবে এখন সেই চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী ভারত।

সফর শুরুর আগে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এই সফরে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।

গত মাসে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে ফিলিস্তিনের পক্ষাবলম্বন করে ভোট দিয়েছিল ভারত। কিন্তু ইসরায়েলের বিপক্ষে যাওয়া এই ভোট দুই দেশের সম্পর্কে কোনো বাধা হবে না বলে মত নেতানিয়াহুর।