'বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন'
বিজেপি সাংসদ ও চিত্রতারকা রূপা গাঙ্গুলি বলেছেন, ‘বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুরা ভালো আছেন। খুশিতে আছেন।’ বাংলাদেশের আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে রূপা গাঙ্গুলি ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে গতকাল মঙ্গলবার বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। এ সময় দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে, তা জানাতে বিজেপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
রূপা গাঙ্গুলি বলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেছেন। সংখ্যালঘুদের ওপর হামলা হলে হাসিনা ব্যবস্থা নিচ্ছেন। রূপা আরও বলেন, ‘তবে এটা তো তালাচাবি নয় যে সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া যাবে এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ হবে।’
দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এখন তো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের খবর তেমনভাবে সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে না। আমরা প্রতিবাদ করেছিলাম বলে ওখানে হিন্দুসহ সংখ্যালঘুদের অবস্থা ভালো হয়েছে।’
রূপা গাঙ্গুলি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন, বাংলাদেশে কোনোভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপে প্রশ্রয় দেওয়া হবে না। সেখানে কোনো জঙ্গি কার্যকলাপ বরদাশত করা হবে না।
বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) বারবার বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ জানিয়ে আসছে। বাংলাদেশ থেকে ভারতে আসা সংখ্যালঘু ব্যক্তিদের শরণার্থী হিসেবে বিবেচনা করে নাগরিকত্ব দেওয়ারও দাবি জানিয়েছে তারা।