'বাকস্বাধীনতার টুঁটি চেপে ধরতে চাইছে ভারত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় ইউটিউব থেকে মুছে দেওয়া হলো নির্ভয়াকে নিয়ে তৈরি করা বহুল আলোচিত প্রামাণ্যচিত্র ইন্ডিয়াস ডটার। যদিও প্রামাণ্যচিত্রটির প্রদর্শন-সংক্রান্ত বিতর্ক তাতে একটুও কমেনি। ব্রিটিশ তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইন বলেছেন, ভারতের সরকার বাক্স্বাধীনতার টুঁটি চেপে ধরতে চাইছে। খবর পিটিআইয়ের।
শুধু ইউটিউবই নয়, প্রামাণ্যচিত্রের প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ভারতের একটি আদালত। কিন্তু বিবিসি কর্তৃপক্ষ সেই নিষেধাজ্ঞা আমলে নেয়নি। নির্ধারিত সময়েই, গত বুধবার প্রামাণচিত্রটি দেখানো হয়েছে ব্রিটেনে। এমনকি তা সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ইউটিউবেও আপলোড করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে বিবিসির বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু ঠিক কী ব্যবস্থা নিতে চলেছে দেশটির সরকার—সাংবাদিকদের প্রশ্নের মুখে নির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা অবশ্য ঘোষণা করেননি তিনি।
প্রামাণ্যচিত্রে একজন ধর্ষককে ধর্ষণের শিকার মেয়েটিকে দোষারোপ করতে দেখা যায়। এরপর মঙ্গলবার আদালত ওই নিষেধাজ্ঞা আরোপ করেন। নির্মাতা উডউইন একে ‘অযৌক্তিক নিষেধাজ্ঞা’ বলেছেন।