'বানোয়াট' অজুহাত দেখিয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাবাহিনী ‘বানোয়াট’ অজুহাত দেখিয়ে চীনা ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে বলে বেইজিং গতকাল বুধবার অভিযোগ করেছে। তারা আরও বলেছে, চীন অনেক সংযম দেখিয়েছে।

সিকিম সীমান্তে ভুটানের কাছে অবস্থিত বিরোধপূর্ণ দোকলাম মালভূমি নিয়ে চীন-ভারত উত্তেজনা সম্প্রতি চরমে পৌঁছায়। দুই দেশের মধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটার অভিন্ন সীমান্তের অধিকাংশ নিয়েই বিরোধ রয়েছে।

চীনের অভিযোগ, গত জুনের শুরুর দিকে ভারতীয় নিরাপত্তা বাহিনী সীমানা অতিক্রম করে চীনের দোংলাং অঞ্চলে প্রবেশ করে এবং দোকলাম মালভূমি এলাকায় একটি সড়ক নির্মাণকাজে বাধা দেয়। এরপর থেকে দুই পক্ষের সেনারা মুখোমুখি অবস্থান নেয়। ভুটানের কাছাকাছি ওই উপত্যকাটি চীন-ভারতের মধ্যে সীমারেখা টেনে দিয়েছে।

ভারত বলেছে, তারা নিজেদের নিরাপত্তাজনিত কারণে ওই রাস্তা নির্মাণ থেকে বিরত থাকতে চীনকে আগেই সতর্ক করে দিয়েছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারতীয় সেনাবাহিনী এখনো চীনা ভূখণ্ডে অবস্থান করছে এবং চীন এ ক্ষেত্রে অনেক সংযম দেখিয়ে ভারতকে সেনা সরিয়ে নিতে বলেছে। কিন্তু তবু নয়াদিল্লি ওই ‘ভুল সংশোধনে’ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

বেইজিং দাবি করছে, ১৮৯০ সালে চীন এবং ব্রিটেনের সরকার সমঝোতার মাধ্যমে ওই সীমানা নির্ধারণ করেছিল। ভারত ১৯৪৭ সাল অবধি ব্রিটেনের উপনিবেশ ছিল। পরে ভারত সরকারের সঙ্গেও ১৮৯০ সালের ওই সমঝোতা বহাল থাকে। কাজেই ভারতের বর্তমান কার্যক্রম শুধু যে চীনা ভূখণ্ডের সীমানা লঙ্ঘন, তা নয়— বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং স্বাভাবিক আন্তর্জাতিক শৃঙ্খলার পরিপন্থী।

চীনের ওই বক্তব্যের জবাবে নয়াদিল্লি কোনো তাৎক্ষণিক বিবৃতি দেয়নি। ভারতীয় কর্মকর্তারা এর আগে বলেছেন, দোকলাম মালভূমির প্রায় ১৫০ মিটারের মধ্যে দুই পক্ষের প্রায় ৩০০ সেনা মুখোমুখি অবস্থান নিয়েছে। অচলাবস্থার শান্তিপূর্ণ অবসান ঘটাতে নয়াদিল্লি ও বেইজিংয়ের কূটনীতিকেরা নীরবে কাজ করছেন।