'বাবা'র কীর্তি!
চারদিকে মানুষের ভিড়। বাজছে ঢাকঢোল। এরই মধ্যে ডজন খানেক নারী ও তরুণী মাটিতে উপুড় হয়ে সারিবদ্ধভাবে শুয়ে আছেন। আর তাঁদের শরীরের ওপর দিয়ে বীরদর্পে হেঁটে যাচ্ছেন কথিত এক বাবা।
স্থানীয় লোকজনের বিশ্বাস, রীতি মেনে নারীদের শরীরের ওপর দিয়ে ওই ‘বাবা’ হেঁটে গেলেই তাঁরা অন্তঃসত্ত্বা হবেন। যেসব নারী সন্তান জন্মদানে অক্ষম, তাঁরাই কেবল এই কথিত ‘বাবা’র হেঁটে যাওয়ার অপেক্ষায় থাকেন। দক্ষিণ ভারতে অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলায় প্রতি জুলাই মাসে এ ঘটনা ঘটে।
ডেইলি পোস্ট ও ডেইলি মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলার আদিবাসীদের বিশ্বাস, যেসব নারী সন্তান জন্মদানে অক্ষম, তাঁদের ওপর দিয়ে কথিত বাবা হেঁটে গেলেই তাঁরা অন্তঃসত্ত্বা হবেন। এটা বহু বছর আগের একটি ঐতিহ্যবাহী বিশ্বাস ও রীতি। প্রজন্ম থেকে প্রজন্মের নারীরা প্রতিবছর জুলাই মাসের জন্য অপেক্ষা করেন। কারণ, জুলাই মাসে তাঁদের বার্ষিক একাদশী উৎসবে লক্ষ্মী নরসীমা স্বামী মন্দিরে নারীদের অন্তঃসত্ত্বা হওয়ার বাসনায় কথিত ‘বাবা’ তাঁদের শরীরের ওপর দিয়ে হাঁটেন।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এমন একটি ভিডিও চিত্র প্রকাশ হয়েছে। ভিডিও চিত্রে দেখা গেছে, অনন্তপুর জেলার আদিবাসী নারীরা সারিবদ্ধভাবে উপুড় হয়ে শুয়ে আছেন। পাশে ঢাকঢোল বাজছে। শত শত মানুষ দাঁড়িয়ে এ দৃশ্য দেখছে। আর কথিত ‘বাবা’ হাতে একটি ঢাল নিয়ে ওই নারীদের শরীরের ওপর দিয়ে হেঁটে চলেছেন। এর কিছুক্ষণ পর পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য নারী ও তরুণী হুড়মুড়িয়ে এসে শুয়ে থাকা নারীদের পাশে সারিবদ্ধ হয়ে শুয়ে পড়ছেন।
স্থানীয় অনেকের দাবি, এই রীতি মেনে চলায় সন্তানহীন অসংখ্য নারী মা হতে পেরেছেন। বিশ্বাস থাকায় তাঁদের সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে পূরণ হয়েছে।
অন্ধ্র প্রদেশের মানক্ষীরা শহরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিলাল নায়েক বলেন, ‘এখানে বহু যুগ ধরে এই রীতি চলে আসছে। স্থানীয় মানুষের দৃঢ়বিশ্বাস, এই রীতি মেনে অসংখ্য নারী বাসনা পূর্ণ হয়েছে। এটা পরিষ্কার যে একজন কথিত বাবা শরীরের ওপর দিয়ে হেঁটে গেলেই ওই নারী অন্তঃসত্ত্বা হন না। তাহলে কেন তাঁরা এতে দৃঢ়বিশ্বাস রাখছেন। আর এতে যে তাঁদের বাসনা পূর্ণ হচ্ছে—তা তাঁরা কিসের ভিত্তিতে বলছেন।’