'বিজেপি কেনাবেচার রাজনীতি করে না'

পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি ইচ্ছে করলে গোটা তৃণমূল কংগ্রেসকে কিনে ফেলতে পারে। কিন্তু বিজেপি কেনাবেচার রাজনীতি করে না। কেনাবেচার রাজনীতির কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁদের সাজে এ কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়টি।
গতকাল সোমবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বর্ধিত সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ এ কথা বলেন।
তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বর্ধিত সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে দলকে নানা নির্দেশনা দেন। কীভাবে দলকে রাজ্যের ৪২টি লোকসভা আসন এককভাবে জিততে হবে, সে কথা বলেন মমতা। তিনি বলেন, এবার টাকা নিয়ে দল ভাঙাতে আসবে বিজেপি। ওরা কিনতে আসবে ভোট। তাই তিনি এ ব্যাপারে দলীয় নেতা–কর্মীদের সজাগ থাকতে বলেন। বলেন, অর্থের লোভে যেন কেউ পা না বাড়ান।
মমতা অভিযোগ করেন, তাঁর দলের একাধিক নেতা, মন্ত্রী, সাংসদকে টাকার লোভ দেখানো হচ্ছে। সবাইকে ফোন করছে। বলছে কত টাকা লাগবে?
বিজেপিকে চোর, ভুঁইফোড়দের দল বলে উল্লেখ করে মমতা বলেন, ‘এত টাকা আসছে কোত্থেকে? ট্রেনে করে এ রাজ্যে টাকা আনছে বিজেপি।’
মমতার এ ভাষণের পর বিকেলেই কলকাতার বিজেপির রাজ্য দপ্তরে এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, ‘বিজেপি দল ভাঙার রাজনীতিতে বিশ্বাসী নয়। বিজেপির বিরুদ্ধে দল ভাঙানো বা অর্থের প্রলোভন দেওয়ার কথা বলার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত ছিল—উনি নিজে কী করেছেন? ওনার গোটা দলটাই তো অন্য দল ভাঙিয়ে তৈরি হয়েছে। উনি আবার বিজেপির দিকে আঙুল তোলেন কী করে?’
এরপরই দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপির কাছে যে টাকা আছে, এতে গোটা তৃণমূল দলটাকে ইচ্ছে করলে কিনে ফেলতে পারি। কিন্তু আমরা কেনাবেচার রাজনীতি করি না। কেনাবেচার রাজনীতির কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।’
তৃণমূল থেকে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ সৌমিত্র খান, তৃণমূল ছাত্র পরিষদের সাবেক রাজ্য সভাপতি শঙ্কু দেব পন্ডা। এর আগে যোগ দিয়েছিলেন বিজেপির দ্বিতীয় শক্তিধর নেতা সাংসদ মুকুল রায়। বিজেপির দাবি, এখন বিজেপিতে যোগ দিতে পা বাড়িয়ে রেখেছে আরও কজন তৃণমূল নেতা ও সাংসদ।