'বিজ্ঞাপন বুমেরাং'য়ে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি
অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি

একেই বলা যায় হিতে বিপরীত। আম আদমি পার্টিকে (এএপি) হেনস্তা করতে গিয়ে বিজেপিরই ত্রাহি ত্রাহি অবস্থা। দিল্লির ভোটের ঠিক আগে ঘটনাটির শিরোনাম অনায়াসেই ‘বিজ্ঞাপন বুমেরাং’ হতে পারে।
খুব সংক্ষেপে খবরটি এ রকম-সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অপদস্থ করতে বিজেপি রাজধানীর অধিকাংশ সংবাদপত্রে বিশাল একটা বিজ্ঞাপন ছাপায়। বিজ্ঞাপনে অরবিন্দ কেজরিওয়ালের একটি স্কেচ। আম আদমি টুপি পরে জনসভায় তিনি ভাষণ দিচ্ছেন। ছবির একদিকে আগের বছরে তাঁরই বলা কথা, যেখানে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের উদযাপনকে কটাক্ষ করছেন, অন্যদিকে এ বছর সেই একই অনুষ্ঠানের ভিআইপি পাসের জন্য আবদার ও আমন্ত্রণ না পাওয়ায় বিলাপ করছেন। কার্টুনে কেজরিওয়ালকে ‘নৈরাজ্যবাদী’ বা ‘অ্যানার্কিস্ট’ বর্ণনা করে হিন্দিতে লেখা, ওঁর কাজই হলো সব লন্ডভন্ড করা। ওঁর ‘গোত্র’ হলো ‘উপদ্রবি’।

ব্যস, এটাই হয়ে গেল কেজরিওয়ালের পড়ে পাওয়া চোদ্দ আনা মহাস্ত্র। বিজেপি তাঁর ‘গোত্র’কে অসম্মান করেছে, গোটা আগরওয়াল জাতকে অপমান করেছে, তাঁদের জাতকে ‘উপদ্রবি’ বলেছে হুংকার দিয়ে কেজরিওয়াল জানিয়ে দিলেন, নির্বাচন কমিশনের কাছে তাঁরা আপত্তি জানাবেন। প্রতিক্রিয়া এমন মারাত্মক হতে পারে, বিজেপি আঁচ করতে পারেনি। কেজরিওয়ালরাও যে এই বিজ্ঞাপনকে হাতিয়ার করে রাজধানীর বৈশ্য সমাজকে খেপিয়ে তুলবে, ভাবেনি তা-ও। এবং সেই বৈশ্য বা বানিয়া সমাজ, এ যাবৎ​ যারা বিজেপির ভোট ব্যাংক বলে পরিচিত।
বিষয়টি বুমেরাং হয়ে গেছে বুঝতে পেরে সোমবার সাত সকালেই বিজেপি নড়েচড়ে বসে। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযুষ গোয়েলকে সঙ্গে নিয়ে দলের রাজ্য সভাপতি সতীশ উপাধ্যায় সংবাদ সম্মেলন করেন। পীযুষকেই দায়িত্ব দেওয়া হয় ড্যামেজ কন্ট্রোলের, কারণ তিনি নিজেও আগরওয়াল সমাজভুক্ত। পীযুষ বলেন, মোটেই গোত্রকে উপদ্রবি বলা হয়নি। এখানে গোত্র ও উপদ্রবি শব্দ ব্যবহার হয়েছে কেজরিওয়ালের চরিত্র বোঝাতে, আগরওয়াল সমাজকে অপমান করতে নয়। তাঁরা জানান, বরং এই বিজ্ঞাপনকে জাতপাতের নিরিখে দেখে ভোটের স্বার্থে ব্যবহারের ‘হীন’ প্রচেষ্টার বিরুদ্ধে তাঁরা নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবেন। পীযুষ উদাহরণ দিয়ে বলেন, আমরা যখন বলি সংকটের সমুদ্র, তখন কি আক্ষরিক অর্থে সমুদ্র এসে যায়? মাথায় আকাশ ভেঙে পড়েছে বললে কি সত্যি আকাশ ভাঙে?
এএপি অবশ্য এই সব সাফাইয়ের ধার কাছ দিয়েও হাঁটেনি। জাতটাই হয়েছে তাদের প্রধান ইস্যু। প্রচার ওই নিয়েই। মোদির উন্নয়নের সরণি বেয়ে আজ হোক, কাল হোক, খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি আসবে বলে প্রচার করে এএপি এমনিতেই ব্যবসায়ী সমাজকে ভড়কে রেখেছে। এর ওপর নতুন উপদ্রব হয়ে দাঁড়াল ‘উপদ্রবি গোত্র’। বিজেপি আগে গেল নির্বাচন কমিশনে নালিশ জানাতে, এএপি পরে।

কিরণ বেদীর প্রধান নির্বাচনী এজেন্টের পদত্যাগ
গোদের ওপর বিষফোঁড়ার মতো বিজেপির নতুন বিপত্তির নাম নরেন্দ্র ট্যান্ডন। নরেন্দ্রকে বিজেপি কিরণ বেদীর প্রধান নির্বাচনী এজেন্ট নিযুক্ত করেছিল। গতকাল রোববার রাতে তিনি আচমকাই সেই পদ ছেড়ে তো দিলেনই, বিজেপি থেকেও ইস্তফা দিয়ে বসলেন। কেন? চিঠিতে কারণ, ‘কিরণ বেদীর স্বৈরতন্ত্রী মনোভাব’। কিরণ বেদীর বিরুদ্ধে এই অভিযোগ অনেক দিনের। বিজেপির দিল্লি নেতারা যে তাঁকে পছন্দ করছেন না, তার একটা প্রধান কারণই হলো ওর ‘হিটলারি চালচলন’। ট্যান্ডনকে বোঝাতে সোমবার তাঁর সঙ্গে দেখা করেন বিজেপির সভাপতি অমিত শাহ। শোনা যাচ্ছে দলে ফিরতে ট্যান্ডন নিমরাজি হয়েছেন।