১৯৬৫ সালের যুদ্ধ নিয়ে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন
'বিদ্রোহের' সূচনা করতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ!
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের স্থানীয় মানুষ ১৯৬৫ সালে এক ভারতবিরোধী ‘বিদ্রোহ’ করেছিল বলে সাধারণভাবে মনে করা হয়। এর এক মাস পর পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তান একে বিনা উসকানিতে হামলা বলে আখ্যা দেয়। এটাই দুই প্রতিবেশীর মধ্যে ১৯৬৫ সালের যুদ্ধের প্রেক্ষাপট। কিন্তু ’৬৫ সালের আগস্টে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় অধিবাসীরা কি সত্যিই কোনো বিদ্রোহ করেছিলেন? ওই আলোচিত যুদ্ধের ৫০তম বার্ষিকী উপলক্ষে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে কিছু অজানা তথ্য উঠে এসেছে।
১৯৬৫ সালে ভারতের বিপক্ষে যুদ্ধ করেছেন ‘বিদ্রোহী’ কুরবান আলী। পাকিস্তাননিয়ন্ত্রিত ‘আজাদ কাশ্মীরের’ বাসিন্দা কুরবান বিবিসির সাংবাদিককে সম্প্রতি বলেন, তিনি আসলে বিদ্রোহী ছিলেন না। ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর আজাদ কাশ্মীর (একে) রেজিমেন্টের সদস্য।
বর্তমানে ৭১ বছর বয়সী কুরবান আলী বলেন, ‘আমি তখন সবেমাত্র চাকরিতে যোগ দিয়েছি। বয়স ২০ বছরের মতো। রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষ করেছি। জিব্রাল্টার ফোর্সের স্বেচ্ছাসেবক ছিলাম তখন।’
পাকিস্তান কখনোই এ ধরনের কোনো বাহিনীর কথা স্বীকার করে না। তবে সাবেক পাকিস্তানি মেজর, নিরাপত্তা বিশেষজ্ঞ ও লেখক ইকরাম সেহগাল সংবাদপত্রে এক নিবন্ধে লিখেছেন, ‘আজাদ কাশ্মীরকে মনে ধারণ করেন—এমন সেনাসদস্য স্বেচ্ছাসেবক এবং ওই অঞ্চল থেকে সদ্য সেনাবাহিনীতে যোগ দেওয়া সেনাসদস্য স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি বাহিনী গঠন করা হয়। একে দ্রুত প্রশিক্ষণ দিয়ে জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরুর দিকে উপত্যকায় (ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর) পাঠানো হয়।’ পাকিস্তানি ও অন্যান্য সামরিক ইতিহাসবিদের তথ্য অনুযায়ী, ওই পরিকল্পনাই ‘অপারেশন জিব্রাল্টার’ নামে পরিচিত। তখন ওই অঞ্চলের কমান্ডার ছিলেন মেজর জেনারেল আকতার হুসাইন মালিক।
কুরবান আলীর ভাষ্য, তিনিসহ ১৮০ জনের একটি দল পাহাড়ি ও বরফে আচ্ছাদিত দুর্গম পথ পেরিয়ে ভারতীয় কাশ্মীরের সীমান্ত জেলা কুপওয়ারার এক জঙ্গলে পৌঁছান। পথে ভারতীয় সেনাবাহিনীর রসদ সরবরাহে ব্যবহৃত একটি সেতু উড়িয়ে দেন তাঁরা। কুরবান বলেন, তাঁদের দলে প্রতি দশজনের মধ্যে ছয়জন ছিলেন বেসামরিক লোক।
ভারতীয় কাশ্মীরে গেরিলা আক্রমণ হলে স্থানীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় অভ্যুত্থানে উদ্বুদ্ধ হবে—দৃশ্যত এই ধারণা থেকেই অপারেশন জিব্রাল্টারের বিষয়টি ভাবা হয়। কিন্তু ’৬৫ সালের যুদ্ধের ওই সময় ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের অধিবাসীদের মধ্যে বড় ধরনের অভ্যুত্থানের জন্য প্রস্তুতি ছিল না।
কুরবান আলী বলেন, আগস্টের শেষ দিকেই অধিকাংশ পাকিস্তানি অনুপ্রবেশকারী ধরা পড়েন কিংবা নিহত হন। ভারত যুদ্ধের একপর্যায়ে যখন লাহোরে হামলা চালিয়ে বসে, তখন জীবিত অনুপ্রবেশকারীদের ফিরে আসতে বলে পাকিস্তান কর্তৃপক্ষ। ‘আমাদের বলা হলো, সরকার কোনো সাহায্য-সহযোগিতা করতে পারবে না। সেটাই ছিল আমাদের ওই অভিযানের সবচেয়ে কঠিন সময়,’ বলেন কুরবান।
১৯৬৫ সালে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান ছিলেন এয়ার মার্শাল নুর খান। তিনি ডন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সেনাবাহিনী বিশাল মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে’ যে পাকিস্তান নয়; ভারতই ওই যুদ্ধে উসকানি দিয়েছিল এবং পাকিস্তান এতে ‘বড় জয়’ পেয়েছে। সূত্র: বিবিসি