'ভাইয়ের ফাঁসির বদলা নেবেন টাইগার মেমন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালের সন্ত্রাসী হামলার দায়ে ফাঁসি হওয়া ইয়াকুব মেমনের বড় ভাই টাইগার মেমন ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। মুম্বাইয়ের একটি পত্রিকা জানিয়েছে, ইয়াকুবের ফাঁসি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে টাইগার মেমন পরিবারের কাছে ফোন করে এ কথা বলেন। খবর এনডিটিভির।
পত্রিকার খবরে বলা হয়, টেলিফোনের আলাপচারিতার রেকর্ড যাচাইয়ের ভিত্তিতে গোয়েন্দারা এ কথা জানিয়েছেন। তবে স্থানীয় পুলিশ বলছে, তাদের কাছে এ রকম কোনো টেলিফোন আলাপের রেকর্ড নেই।
টাইগার মেমন ১৯৯৩ সালে মুম্বাই নগরে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ও অন্যতম প্রধান আসামি। মুম্বাই হামলায় ২৫৭ জন নিহত হয়েছিল। টাইগার পলাতক রয়েছেন। গত ৩০ জুলাই নাগপুরের একটি কারাগারে তাঁর ভাই ইয়াকুবের ফাঁসি কার্যকর হয়। আরেক গুরুত্বপূর্ণ আসামি দাউদ ইব্রাহিম পাকিস্তানে লুকিয়ে রয়েছেন বলে ধারণা করা হয়।
বিচারপতিকে হত্যার হুমকি: এদিকে ইয়াকুব মেমনের ফাঁসি স্থগিত রাখার আবেদন প্রত্যাখ্যানকারী তিন বিচারপতির একজন দীপক মিশ্রকে চিঠি লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেনামি ওই চিঠির ব্যাপারে তদন্ত করছে নয়াদিল্লির পুলিশ। চিঠিতে লেখা রয়েছে, ‘যত সুরক্ষাই থাকুক, আমরা আপনাকে শেষ করে দেব।’
পুলিশ জানায়, নিরাপত্তা প্রহরীরা দীপক মিশ্রের দিল্লির বাসভবনের পেছনের আঙিনায় চিঠিটি পান। প্রতিক্রিয়া জানিয়ে ভারতের প্রধান বিচারপতি এইচ এল দাত্তু বলেন, ‘আমাদের কাজ মামলার নিষ্পত্তি করা এবং আমরা নিঃশঙ্কচিত্তেই তা করে থাকি।’