'ভারত কারও সতর্কবার্তায় কান দেবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনাথ সিং
রাজনাথ সিং

ভারত কারও হুমকিতে ভয় পায় না এবং কারও সতর্কবার্তায় তারা কান দেবে না বলেও মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

গতকাল বুধবার চীন-ভারত সীমানাসংলগ্ন এলাকায় ভারতের রাস্তা তৈরির উদ্যোগের চীনা বিরোধিতা করার এক দিন পরই এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের উচ্চপদস্থ মন্ত্রী।

আজ বৃহস্পতিবার দিল্লির পাশে মানেসারে জাতীয় নিরাপত্তা বাহিনীর (এনএসজি) ৩০তম বার্ষিকীর অনুষ্ঠানে রাজনাথ সিং এসব মন্তব্য করেন। তিনি বলেন, ভারত কারও হুমকিতে ভয় পায় না। বর্তমানে আমরা একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছি।

বুধবার চীন ভারতীয় সিদ্ধান্তের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, সীমানাসংলগ্ন এলাকায় যেকোনো পদক্ষেপ গ্রহণ হবে মারাত্মক ভুল সিদ্ধান্ত, যা ওই এলাকার পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে।

ভারতের ক্ষমতাসীন বিজেপির সাবেক সভাপতি রাজনাথ সিং আরও বলেন, সীমানাসংলগ্ন বিরোধপূর্ণ এলাকার সমস্যা সমাধানে দুই দেশেরই উচিত একসঙ্গে বসে কাজ করা ও সিদ্ধান্ত গ্রহণ করা, যা ওই এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজ্জু জানান, সরকার অরুণাচল প্রদেশের ট্যাওয়াং জেলার ম্যাগো টিংবু থেকে বিজয়নগর জেলার চ্যাংলাং পর্যন্ত ভারত-চীন আন্তর্জাতিক সীমানাসংলগ্ন এলাকায় প্রায় দুই হাজার কিলোমিটার রাস্তা তৈরির পরিকল্পনা করছে। এরপরই বুধবার চীন এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, সীমানাসংলগ্ন এলাকায় যেকোনো পদক্ষেপ গ্রহণ হবে মারাত্মক ভুল সিদ্ধান্ত যা ওই এলাকার পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে।