'ভারত-পাকিস্তান ক্রিকেট এখনই নয়'
যে যুক্তিতে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে ভারত রাজি হচ্ছে না, ঠিক সে কারণেই ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজের আয়োজনেরও কোনো সম্ভাবনা নেই। ভারতের ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল আজ সোমবার স্পষ্টভাবে এ কথা জানিয়ে বলেন, সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নয়। তিনি অবশ্য বলেন, আন্তর্জাতিক অনুষ্ঠানে পাকিস্তানের সঙ্গে খেলতে কোনো অসুবিধা নেই।
এক দশক ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ হয়নি। ২০১২-১৩ সালে পাকিস্তান তিনটি ওয়ান ডে ও দুটি টিটোয়েন্টি খেলতে এক শুভেচ্ছা সফরে ভারতে এসেছিল। কিন্তু এরপর থেকে দুই দেশের ক্রিকেট দলের মধ্যে আসা-যাওয়া বন্ধ। ক্রীড়ামন্ত্রীর মন্তব্যে বোঝা যাচ্ছে, দ্বিপক্ষীয় আলোচনা শুরু না করার মতো ক্রিকেট না খেলতেও এই মুহূর্তে ভারতের অনীহা তীব্র। বিজয় গোয়েল স্পষ্ট করেই বলেছেন, সন্ত্রাস ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।
সোমবার ক্রীড়ামন্ত্রীর এ মন্তব্য করার একটি কারণ আছে। ২০১৪ সালে দুই দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তাতে বলা হয়েছিল, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড (পিসিবি) ২০১৫ সাল থেকে ২০২৩ পর্যন্ত দুই দেশের মধ্যে মোট পাঁচটি দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজের আয়োজন করবে। দেড় বছর কেটে গেলেও ভারতের অনাগ্রহের কারণে সেই সিরিজ হতে পারেনি। এর জন্য পিসিবি চলতি মাসে ৩৮৭ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিসিসিআইকে উকিল নোটিশ পাঠিয়েছে। বিসিসিআইয়ের যুগ্ম সচিব অমিতাভ চৌধুরী এ নিয়ে দুবাইয়ে পিসিবি কর্তাদের সঙ্গে কথা বলবেন। এর আগে সোমবার তিনি সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে ভারতের আপত্তি নেই, যদি সরকারের অনুমতি পাওয়া যায়। এ মন্তব্যের পরেই ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল স্পষ্ট করে ভারতের অবস্থানের কথা জানিয়ে দেন। তিনি এ কথাও বলেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের আগে বিসিসিআইয়ের উচিত সরকারের সঙ্গে আলোচনা করা।