'ভারতে আবার জরুরি অবস্থা আসতে পারে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালকৃষ্ণ আদভানি
লালকৃষ্ণ আদভানি

ভারতে আবারও জরুরি অবস্থা জারি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ (এল কে) আদভানি। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে। ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এল কে আদভানি ওই আশঙ্কার কথা জানান।
সাক্ষাৎকারে বিজেপির প্রবীণ এই নেতা বলেন, ‘দেশের রাজনৈতিক নেতৃত্ব যে পরিপক্ব নয়, তা আমি বলছি না। কিন্তু এ বিষয়ে আমার আত্মবিশ্বাস নেই যে এটা (জরুরি অবস্থা) আর ঘটবে না।’
আদভানি বলেন, ভারতের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় এমন কোনো লক্ষণ নেই, যেটা তাঁকে আশ্বস্ত করে, ভারতে আর জরুরি অবস্থা জারি হবে না। রাজনৈতিক নেতৃত্বে অনন্যসাধারণ কিছু তাঁর চোখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।
১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির কথা স্মরণ করিয়ে দিয়ে সাক্ষাৎকারে আদভানি আরও বলেন, ওই সময় সাংবিধানিক রক্ষাকবচ থাকার পরও সেটা ঘটেছিল। কিন্তু ২০১৫ সালে ভারতে ওই রক্ষাকবচ যথেষ্ট পরিমাণে নেই।