'ভারতের সমুদ্র নিরাপত্তা কৌশল সম্প্রসারণবাদী'
ভারত মহাসাগরে ভারতের নৌবিষয়ক কৌশলকে ‘সম্প্রসারণমূলক’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের শীর্ষ কূটনীতিক সারতাজ আজিজ। ভারত-পাকিস্তান সীমান্তে গুজরাটের স্যার ক্রিক খাড়ি ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য ‘হুমকি’ হয়ে উঠতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।
আরব সাগরে পাকিস্তানের নৌবাহিনী আয়োজিত ‘২০৩০ সাল ও পরবর্তী সময়ে ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত দৃষ্টিভঙ্গি: নতুন চ্যালেঞ্জ ও কৌশল’ শীর্ষক এক বহুজাতিক পাঁচ দিনের মহড়ায় গত শনিবার দেওয়া বক্তব্যে সারতাজ আজিজ এসব মন্তব্য করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ বলেন, ‘স্যার ক্রিকের বিরোধপূর্ণ সীমান্ত সমুদ্র নিরাপত্তায় কালো ছায়া ফেলতে পারে। ভারত যেভাবে সম্প্রসারণবাদী সামুদ্রিক নিরাপত্তার কৌশল অবলম্বন করেছে, তা ভারত মহাসাগরে শান্তি বিঘ্নিত হওয়ার কারণ হয়ে উঠতে পারে।
পাকিস্তান ভারত মহাসাগরের উপকূলবর্তী তৃতীয় বৃহত্তম দেশ উল্লেখ করে নওয়াজের উপদেষ্টা বলেন, পাকিস্তানের বাণিজ্যের ৯৫ শতাংশই হয় সমুদ্র পথে। কাজেই উত্তেজনামুক্ত ভারত মহাসাগর পাকিস্তানের জন্য অত্যন্ত জরুরি।
সারতাজ আজিজ বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থের ব্যাপারে সচেতন। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই আমাদের প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত।’