বিদেশি ব্যাংকে রাখা ভারতীয়দের কালোটাকার বিষয়ে ভারতের সরকার মাত্র ১ শতাংশ তথ্য জানে। জেনেভাভিত্তিক এইচএসবিসি ব্যাংকের সাবেক কর্মকর্তা এরবে ফালসিয়ানি এ মন্তব্য করেছেন। খবর এনডিটিভির।
এনডিটিভিকে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে এরবে ফালসিয়ানি বলেন, ‘এ-সংক্রান্ত তথ্য দিয়ে আমি অন্য দেশগুলোকে সহযোগিতা দিচ্ছি। ভারতকেও সহযোগিতা করতে চাই।’
এই ফালসিয়ানিই ছয় বছর আগে জেনেভায় এইচএসবিসি ব্যাংকের হাজারো গোপন হিসাব সম্পর্কে তথ্য ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন। ওই তালিকায় ছয় শতাধিক ভারতীয় নাগরিকের নাম ছিল।
বর্তমানে ফ্রান্সে বসবাসরত ফালসিয়ানি বৃহস্পতিবার প্যারিসে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন, ‘কালোটাকা-সংক্রান্ত ২০০ গিগাবাইট তথ্যের মধ্যে মাত্র ২ মেগাবাইট ভারতকে সরবরাহ করা হয়েছে। এটা মোট তথ্যের মাত্র এক শতাংশ। ভারতের সরকারের পক্ষ থেকে আগামীকাল এ বিষয়ে জানতে চাইলে আমরা ওই দিনই তাদের প্রস্তাব পাঠাব।’
এইচএসবিসির সাবেক সিস্টেম ইঞ্জিনিয়ার ফালসিয়ানি অন্তত এক লাখ ২৭ হাজার হিসাবের বিস্তারিত তথ্য সরিয়ে ফেলেছিলেন। তিনি ২০০৮ সালে ফ্রান্সের সরকারকে দেশটির নাগরিকদের গোপন হিসাব নম্বর সম্পর্কে তথ্য দিয়েছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও বেলজিয়ামসহ কয়েকটি দেশ নিজ নিজ নাগরিকদের অর্থ পাচার ও কর ফাঁকির তদন্তে ফালসিয়ানির সহযোগিতা নিচ্ছে।
সাক্ষাৎকারে ফালসিয়ানি বলেন, ‘আমাদের কাছে হাজার গুণ তথ্য রয়েছে। দেশ থেকে অর্থ পাচার-সংক্রান্ত তদন্তে ভারত এসব তথ্য কাজে লাগাতে পারে।’
বিদেশের ব্যাংকে রাখা ভারতীয়দের কালোটাকা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।