'মনে হলো দুঃস্বপ্ন দেখছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মনে হলো দুঃস্বপ্ন দেখছি। সবকিছু চোখের সামনেই ঘটছিল। কিন্তু কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না।’ ভারতের কানপুর শহরের একটি হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই বর্ণনা দিচ্ছিলেন ২৬ বছর বয়সী ছাত্র উত্তম কুমার। কানপুরে রোববার ভোররাতে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার তিনি।

এ দুর্ঘটনায় গতকাল সোমবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে।

ট্রেনের যে কামরায় উত্তম কুমার ছিলেন, দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দে তাতে বিস্ফোরণ ঘটে। কামরা থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করলে ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়েন। উদ্ধার অভিযানের দ্বিতীয় দিন ছিল গতকাল সোমবার। হতাহত ও বেঁচে যাওয়া যাত্রীদের খোঁজে রোববার রাতভর বগিগুলোর মধ্যে তল্লাশি চালান উদ্ধারকর্মীরা। অনেক বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় উদ্ধারকাজে তাঁরা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করছেন।

কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় আন্তনগর ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে একটি অপরটির সঙ্গে ধাক্কা লেগে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়। ট্রেনে প্রায় দুই হাজার যাত্রী ছিল।