'মন্ত্রিসভার আকার এবার ৪০-৪৪ জনের মতো হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আজ শুক্রবার শপথ নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মন্ত্রিসভায় কাদের ঠাঁই হচ্ছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। মন্ত্রিসভার আকার এবার ৪০-৪৪ জনের কাছাকাছি হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এবার মন্ত্রী হওয়ার প্রত্যাশীর সংখ্যা অনেক—এটা বুঝতে পেরেই মমতা গত বুধবার দলীয় বৈঠকে জানিয়ে দিয়েছেন, প্রথমবার বিধায়ক হয়েই কেউ যেন মন্ত্রী হওয়ার আশা না করেন। আর হবু মন্ত্রীদের সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতি ছয় মাস পরপর তিনি মন্ত্রীদের কার্যক্রম পর্যালোচনা করবেন।
কারা মন্ত্রী হবেন, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে গতকাল। তবে দলের কেউই মুখ খুলছেন না এ নিয়ে।
গত মেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রাখলেও এবার তা তিনি করবেন না বলে প্রশাসনিক মহলের অভিমত। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, গত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রীকে তিনি বাদ দেবেন না। অমিত মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বদলের সম্ভাবনা খুবই কম। তবে গত মন্ত্রিসভার বেশ কয়েকজনকে তাঁদের কার্যক্রমের নিরিখে ছাঁটাই করবেন মুখ্যমন্ত্রী। এঁদের মধ্যে থাকতে পারেন সুদর্শন ঘোষ দস্তিদার, রবিরঞ্জন চট্টোপাধ্যায় এবং হায়দার আজিজ সফি। গুরুত্বপূর্ণ আটজন মন্ত্রী এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। তাই নতুন প্রায় ১২ থেকে ১৫ জন মন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, নতুন মন্ত্রীদের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে বিজয়ী কয়েকজনও জায়গা পাবেন। পূর্ত, পরিবহন, আইনের মতো গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ে নতুন মুখ আসবে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য মন্ত্রীদের মধ্যে প্রথমেই রয়েছে শুভেন্দু অধিকারীর নাম। তাঁকে মন্ত্রী করবেন বলে মমতা নির্বাচনী প্রচারের সময়ই জানিয়ে দিয়েছিলেন। উত্তরবঙ্গে ফরওয়ার্ড ব্লক থেকে দলে আসা বিজয়ী উদয়ন গুহ এবং সাবেক বাম নেতা রেজ্জাক মোল্লাও মন্ত্রী হতে পারেন। এঁদের সবাইকেই গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে। সাবেক বিচারপতি আবদুল গনিকে আইনমন্ত্রী করা হতে পারে। দলের প্রবীণ শ্রমিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে এবার মন্ত্রিত্ব দেওয়া হবে বলে জানা গেছে। নতুনদের মধ্যে মন্ত্রী হিসেবে যাঁরা বিবেচনায় রয়েছেন বলে জানা গেছে তাঁরা হলেন সৌরভ চক্রবর্তী, জেমস কুজুর, গোলাম রব্বানি, আদিবাসী নেতা বাচ্চু হাঁসদা প্রমুখ।