'মন্ত্রী গ্রামের মানুষ, ভুল করে ক্ষমা চেয়েছেন'
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির ভাষণকে কেন্দ্র করে ভারতীয় সংসদের অচলাবস্থা চলছেই। মন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সংসদের দুই কক্ষে ভাষণের নিন্দা করে বিবৃতি দিয়েছেন। বিরোধীরা তবু সন্তুষ্ট নন। তাঁরা এই জাতীয় ঘটনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চান। নয়টি দল এ জন্য জোটবদ্ধ হয়েছে। প্রস্তাবে সরকারপক্ষ এখনো রাজি নয়। এই অবস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিলের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
বিরোধীদের চাপে সাধ্বী নিরঞ্জন প্রথম দিনেই সংসদে ক্ষমা চান। তা সত্ত্বেও বিরোধীরা সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতি দাবি করেন। প্রধানমন্ত্রী সভায় এলে তাঁর বিবৃতি দাবি করা হয়। মোদি প্রথমে রাজ্যসভা ও পরে লোকসভায় ঘটনার নিন্দা করেন। আজ শুক্রবার লোকসভায় তিনি বলেন, এই ধরনের কথাবার্তা কারো বলা উচিত নয়। সংসদীয় দলের বৈঠকেও দলীয় সদস্যের এই আচরণকে অনুমোদন করা হয়নি। তিনি বলেন, মন্ত্রী গ্রামের মানুষ। প্রথমবার সাংসদ হয়েছেন। তিনি ভুল করেছেন। ক্ষমা চেয়েছেন। এখন সভা চলতে দেওয়া হোক।
বিরোধীরা তাতেও সন্তুষ্ট হননি। লোকসভায় তাঁরা ওয়াক আউট করেন। রাজ্যসভা সারাদিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। অধিবেশন শুরু হওয়ার আগে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান। রাহুল গান্ধী নেতৃত্ব দেন। এই বিক্ষোভে অবশ্য বামপন্থীরা আসেননি। তাঁরা তাপস পালের বিরুদ্ধেও শাস্তির দাবি তুলেছেন। তাপসও নানান অশালীন ও অসংসদীয় মন্তব্য করেছিলেন। তৃণমূল কংগ্রেস তাঁকে এখনো শাস্তি দেয়নি। তাই তৃণমূলের পাশে বামপন্থীরা নেই। তবে কালো কাপড় বেঁধে তাঁরাও সভায় ছিলেন এবং ওয়াক আউট করেন।
শরিকরা ছাড়া সরকারের পাশে রয়েছে মাত্র চারটি দল। এআইএডিএমকে, টিআরএস, বিজেডি ও ওয়াইএসআর। এই দলগুলি বাদ দিলে বাকি সবাই একজোট। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এসপি, বিএসপি, জেডি (ইউ), সিপিএম, সিপিআই, ডিএমকে ও এনসিপি, এই নটি দলের নেতারা আজ শুক্রবার একটি বিবৃতি দিয়েছেন। তার মূল কথা, কারও নাম না করে অসংসদীয় ও অসাংবিধানিক বক্তব্যের বিরোধিতা ও নিন্দা করে তাঁরা একটি প্রস্তাব আনতে চান। সরকার তাতে মত দিক। তা হলে সভা স্বাভাবিক হবে। সরকার এই প্রস্তাবে এখনো রাজি নয়। সংসদীয়মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু জানান, বিরোধীরা বারবার তাদের মত পাল্টাচ্ছে। মন্ত্রীর ক্ষমা প্রার্থনা, প্রধানমন্ত্রীর উপস্থিতি, বিবৃতি, সব দাবিই মেনে নেওয়া হয়েছে। তবু তারা সভা অচল করে রেখেছে ও মত বদল করছে।
প্রস্তাব না মানা হলে বিরোধীদের কাছে দুটি পথ রয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার চিফ হুইপ ডেরেক ওব্রায়ান বলেন, ‘আমরা সহযোগিতা করেছি বলেই সরকার এই কদিনে ৫টি গুরুত্বপূর্ণ বিল পাস করিয়েছে। নিন্দা প্রস্তাবে রাজি না হলে আমরা কোনো বিল পাস হতে দেব না।’ রাজ্যসভায় সরকার পক্ষের গরিষ্ঠতা নেই। অচলাবস্থা চললে বিমা বিল ও সীমান্ত বিল অনিশ্চিত হয়ে যাবে।