'মমতাকে না জানিয়ে তিস্তা চুক্তি হচ্ছে'

তিস্তা চুক্তি নিয়ে ভারতের লোকসভায় আজ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই এ চুক্তি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। খবর দ্য হিন্দুর।
আজ বেলা পৌনে একটার দিকে লোকসভায় বক্তব্য দেওয়ার সময় সৌগত রায় তিস্তা চুক্তির প্রসঙ্গ তুলে আনেন। তিনি অভিযোগ করেন, নদীর পানির ভাগাভাগির বিষয়ে কেন্দ্রীয় সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিমুখী নীতি নিয়েছে। তিনি বলেন, একদিকে পাকিস্তানকে সিন্ধু নদের চুক্তির বিষয়ে বলা হচ্ছে যে ভারত তার পানির সর্বোত্তম ব্যবহার করবে। অন্যদিকে সরকার তিস্তা চুক্তির বিষয়ে চেষ্টা করে যাচ্ছে। সৌগত রায় বলেন, চুক্তির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু জানানো হচ্ছে না। এ চুক্তির নানা শর্ত নিয়ে কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জানানো হচ্ছে না, তা-ও জানতে চান সৌগত রায়।
গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারের মমতা বন্দ্যোপাধ্যায়ও তিস্তা চুক্তি নিয়ে তাঁকে না জানানোর অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি এ-ও বলেন, আগামী মে মাসে এ চুক্তি হচ্ছে বলে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি।
তিস্তা চুক্তির বিষয়ে তাঁর অবস্থান কী হবে, এ নিয়ে ওই সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে মমতা কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বলেন, ‘তোমরা সবকিছু প্রস্তুত করে যদি তাতে স্ট্যাম্প মারতে বলে, তাহলে আমি দুঃখিত। আমাকে রাজ্যের স্বার্থ দেখতে হবে, আমি বাংলাদেশকে ভালোবাসি। রাজ্যকে বাঁচিয়ে আমি বাংলাদেশকে যতটা সাহায্য করা যায় তা করব।’
আগামী ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। ওই সফরের সময় তিস্তা চুক্তি হবে কি হবে না তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ঢাকায় একাধিক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ এ চুক্তি নিয়ে আশাবাদী। তবে প্রধানমন্ত্রীর এ সফরেই তিস্তা চুক্তি হবে কি না, তা নিশ্চিত করে বলেননি তিনি।