'মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করা হয় নিরজাকে'

‘আমার চোখের সামনেই মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মারা হয়েছিল তাঁকে। তাঁর শেষ মুহূর্তগুলো খুব কাছ থেকে দেখেছি।’
১৯৮৬ সালে পাকিস্তানের করাচিতে প্যান অ্যাম বিমান সংস্থার বিমান ছিনতাইয়ের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত অকুতোভয় বিমানবালা নিরজা ভানোতের শেষ মুহূর্তগুলোর বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী ড. কিশোর মূর্তি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
৫ সেপ্টেম্বরের ওই ঘটনায় নিরজা ভানোতের সাহস ও বুদ্ধিমত্তার কারণেই বিমানে থাকা ৩৫৯ জনের প্রাণ বেঁচেছিল। কিন্তু তিনি নিজে গুলিতে প্রাণ হারান। সেই ঘটনা নিয়ে বলিউডের নির্মাতা রাম মাধবানির তৈরি ছবি নিরজা আজ শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিরজা ছবির গবেষণায় সহায়তাকারীদের অন্যতম ড. কিশোর মূর্তির সাক্ষাৎকার নিয়েছে টাইমস অব ইন্ডিয়া। কিশোর জানান, মুম্বাই-নিউইয়র্ক পথের বিমানটি করাচিতে থামলে নিরাপত্তাকর্মী সেজে সন্ত্রাসীরা বিমানে ঢুকে পড়ে। নিরজা কৌশলে পাইলটদের বিষয়টি জানিয়ে দিলে তাঁরা দ্রুত ককপিট থেকে বেরিয়ে যান। ফলে সন্ত্রাসীদের পক্ষে বিমানটিকে আর আকাশে ওড়ানো সম্ভব হয়নি। নিরজা যাত্রীদের জরুরি নির্গমন পথও দেখিয়ে দেন। একপর্যায়ে সন্ত্রাসীরা পলায়নপর যাত্রীদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে। যাত্রীদের পালাতে সাহায্য করায় নিরজার চুলের মুঠি ধরে সন্ত্রাসী দলের প্রধান তাঁর মাথায় গুলি করেন। সেদিন নিরজাসহ ২১ জনকে হত্যা করেছিল তারা।