'মানুষখেকো' সিংহের বিচার!

ভারতের গুজরাট রাজ্যে ‘মানুষখেকো’ একটি সিংহ খুঁজতে গিয়ে জঙ্গলে থেকে ১৮টি সিংহকে ‘গ্রেপ্তার’ করেছে বন কর্তৃপক্ষ।
দেশটির বন বিভাগের কর্মকর্তারা ওই সিংহগুলোর পায়ের ছাপ এবং মল পরীক্ষা করে ‘খুনি’ সিংহটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। সম্প্রতি সিংহের আক্রমণে তিন ব্যক্তির মৃত্যুর পর ওই ১৮টি সিংহকে গ্রেপ্তার করা হয়।
কর্মকর্তারা বলছেন, আক্রমণকারী সিংহটিকে শনাক্ত করার পর সেটিকে আজীবনের জন্য চিড়িয়াখানায় আটকে রাখা হবে। অন্য সিংহগুলোকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
গুজরাটের গির অভয়ারণ্য ভারতে সিংহের অন্যতম আবাসস্থল। সম্প্রতি অভয়ারণ্যের আশপাশের এলাকায় সিংহের ছয়টি আক্রমণের ঘটনা ঘটে। এতে তিনজন মারা গেছেন।
গুজরাটের শীর্ষ বন কর্মকর্তা জে এ খান বিবিসি হিন্দিকে বলেন, সিংহগুলোকে দুই মাস ধরে ধরা হয়েছে। সেগুলোকে এখন ভিন্ন ভিন্ন খাঁচায় রেখে পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমরা অপরাধী সিংহটিকে শনাক্ত করতে পেরেছি। তবে আরও নয়টি সিংহের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছি।’

বন্য পশু বিশেষজ্ঞ রুচি দেব বলেন, পায়ের ছাপ এবং মলমূত্রের নমুনা পরীক্ষা করে সিংহটিকে শনাক্ত করা সম্ভব হবে। এ ছাড়া খাঁচায় সিংহগুলোর আচরণও পর্যবেক্ষণ করা হচ্ছে। কেননা মানুষখেকো হয়ে গেলে সিংহের আচরণ বেশি হিংস্র হয়। সে মানুষ দেখলে হিংস্র হয়ে ওঠে।
বিশেষজ্ঞরা মনে করেন, গিরের জঙ্গলে সিংহের সংখ্যা বাড়তে থাকায় সিংহদের মধ্যে ‘অস্বাভাবিক’ আচরণ দেখা দিচ্ছে।
গুজরাটের সাবেক বন কর্মকর্তা গোবিন্দ প্যাটেল বলেন, গিরের অভয়ারণ্যে ২৭০টির মতো সিংহ সংকুলান হয়। সংখ্যা বেড়ে যাওয়ায় কোনো কোনো সময় সিংহের দল মূল জঙ্গলের বাইরে বেরিয়ে আসে।