'মারের বদলে মার' দিতে নির্দেশ বিজেপি বিধায়কের
মারের বদলে মার দিতে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির দলীয় প্রধান দিলীপ ঘোষ। রাজ্য বিধানসভার নির্বাচনের পর বিজেপির কর্মীরা বিজয়ী তৃণমূল কর্মীদের ব্যাপক হামলার শিকার হন বলে অভিযোগ করে বিজেপি। আর এরপরই গতকাল এমন নির্দেশ দেন দিলীপ ঘোষ।
গত সপ্তাহে দলীয় কর্মীদের ওপর শাসক দলের হামলার অভিযোগ এনে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, বিজেপির কর্মীদের রাষ্ট্রীয় সেবক সংঘের (আরএসএস) প্রশিক্ষণ আছে। খালি হাতে হাড় ভেঙে দিতে পারেন যেকোনো কর্মী। গতকাল তাঁর সেই মন্তব্য প্রত্যাহার না করে আবার তিনি বললেন, ‘তৃণমূল একের পর বিজেপির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। সন্ত্রাস বন্ধ না হলে আমরাও মারের বদলে মার দেব। কেউ আমার ওপর বোমা হামলা করলে আমি নিশ্চয়ই তাকে চা খাওয়াব না।’
এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি তিনটি আসন পায়। এই তিন বিধায়কের একজন দিলীপ ঘোষ নির্বাচিত হন রাজ্যের খড়গপুর আসন থেকে। তিনি বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তার দায়িত্ব আমার।’
তবে দিলীপের আগের মন্তব্য কেন্দ্রীয় বিজেপিতে সমালোচিত হয় বলে জানা গেছে। সে প্রসঙ্গে তিনি গতকাল বলেন, ‘দিল্লির রাজনীতি দিল্লিতে চলবে। এখানে করতে হবে কলকাতার রাজনীতি। এখানে আমাকে থাকতে হবে, আমার অস্তিত্ব রক্ষা করতে হবে।’ তিনি বলেন, রাজ্যের বিরোধী দলের নেতা-কর্মীরা ঘরে থাকতে পারছেন না। বিভিন্ন জায়গায় তাঁদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে, নয়তো এলাকাছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।
শুধু বিজেপি নয়, পশ্চিমবঙ্গের সব বিরোধী দলই নির্বাচনের পর শাসক দলের নির্যাতনের অভিযোগ তুলেছে। আর সন্ত্রাসের অভিযোগে বাম-কংগ্রেস জোট এবং বিজেপি গত শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করে।