'মুম্বাই কো হাত লাগানা মুশকিল নেহি, নামুমকিন হ্যায়'

বলিউডের কিং খান শাহরুখের ডন ছবির বিখ্যাত ডায়ালগটি নিশ্চয়ই সবার মনে আছে, ‘ডন কো পাকাড়না মুশকিল হি নেহি নামুমকিন হ্যায়’। সেই ডায়ালগটি একটু অন্যভাবে বললেন মহারাষ্ট্রের সন্ত্রাস দমনবিষয়ক স্কোয়াড়ের প্রধান হিমানশু রায়। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মুম্বাই কো হাত লাগানা মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়।’
২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাইয়ের তাজ হোটেলে পাকিস্তানের আজমল কাসাবসহ ১০ সন্ত্রাসী হামলা চালায়। ওই হামলার দিনটি ২৬/১১ হিসেবে পরিচিত। ছয় বছর আগের ওই ঘটনায় নিহত হন ১৬৬ জন।
হিমানশু রায় বলেন, ‘ওই হামলা থেকে আমরা অনেক কিছুই শিখেছি। শুধু আমরাই নয় পুরো দুনিয়ার মানুষই কিছু না কিছু শিক্ষা নিয়েছে। আর সেখান থেকেই আমাদের শহরের নিরাপত্তাবেষ্টনীকে নতুনভাবে সাজিয়েছি। আর তাই এখন মুম্বাই ছয় বছর পূর্বের তুলনায় অনেক বেশি নিরাপদ।’
হিমানশু আরও বলেন, দীর্ঘ এই ছয় বছরে অনেক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের মধ্য দিয়েই মুম্বাই হয়ে উঠেছে নিরাপত্তাবলয়ের একটি শহর। সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার প্রকাশ হয়েছে।
২০০৮ সালের ওই হামলার পর মুম্বাইসহ ভারতের অন্য শহরগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এর পর থেকেই পাল্টে যেতে থাকে পুলিশ বাহিনীসহ সন্ত্রাস দমনের কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর চেহারা। আর মান্ধাতা আমলের সবকিছুর পরিবর্তে আসে নতুন সব অস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট, গাড়ি, আধুনিক প্রযুক্তি।
হিমানশু বলেন, ‘আগের চেয়ে আমাদের বাহিনী এখন আরও বেশি কার্যকর ও শক্তিশালী। মুম্বাই এখন সবচেয়ে নিরাপদ শহর।’