'মৃত্যুর' সাত বছর পর ঘরে ফিরলেন তিনি!
ঘটনাটি যেন বলিউডের সিনেমাকেও হার মানায়। ভারতের এক সেনাসদস্য সাত বছর আগে হরিদ্বারের কাছে এক দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারান। দুর্ঘটনার পর খুঁজে না পেয়ে সেনাবাহিনী তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপর আরেকটি দুর্ঘটনার কবলে পড়ে তিনি ফিরে পান তাঁর হারানো স্মৃতি।
গত সপ্তাহে একদিন শেষ রাতের দিকে অবসরপ্রাপ্ত সুবেদার কৈলাস যাদব তাঁর ঘরের দরজায় একনাগাড়ে কড়াঘাত শুনতে পান। দরজা খুলেই অবাক তিনি। দেখেন তাঁর সামনে দাঁড়িয়ে আছে তাঁর ‘মৃত’ পুত্র ধর্মবীর সিং! অশ্রুসিক্ত পুনর্মিলনীর পর ধর্মবীর তাঁর স্ত্রী, দুই কন্যা ও ভাইকে তাঁর আলওয়ার যাত্রার বর্ণনা দেন।
দেরাদুনে ৬৬ আর্মড রেজিমেন্টের সঙ্গে ছিলেন ৩৯ বছর বয়সী ধর্মবীর। ২০০৯ সালে তিনি নিখোঁজ হওয়ার তিন বছর পর নিয়ম অনুযায়ী তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর ভাই রাম নিওয়াজ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘আমার ভাই সেনাবহিনীর গাড়ি চালাতো। দুজন সৈনিকসহ দেরাদুনের চক্রতা এলাকায় সে দুর্ঘটনার শিকার হয়। তাদের গাড়িটি একটি বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। কিন্তু তাদের কারও মৃতদেহ তখন পাওয়া যায়নি। পরবর্তীতে অন্য দুজন জওয়ান তাদের ইউনিটে ফিরে এলেও সিং যেন হাওয়ায় মিলিয়ে যায়।’
সেনাবাহিনী ধর্মবীরের মৃত্যু সনদ দিয়ে পরিবারকে তাঁর পেনশনের সব পাওনা বুঝিয়ে দেয়। তাঁকে ফিরে পাওয়ার ব্যাপারে পরিবারের লোকজন তেমন আশাবাদী না হলেও, তাঁর স্ত্রী মনোজ দেবীর মনে স্বামীকে ফিরে পাওয়ার আশা ছিলেন।
ধর্মবীর তাঁর পরিবারকে জানান, ২০০৯ সালের দুর্ঘটনার পর থেকে তাঁর কি হয়েছিল সে সব আর কিছুই সে মনে করতে পারছে না।
ধর্মবীর গত সপ্তাহে হরিদ্বারের রাস্তায় ভিক্ষা করছিলেন। এমন সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। ওই বাইক চালকই তাঁকে একটি হাসপাতালে নিয়ে যায়। চেতনা ফেরার পর ধর্মবীর তাঁর আগের স্মৃতি ফিরে পান বলে জানান রাম নিওয়াজ।
ঈশ্বরের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে ধর্মবীর বলেন, সেই বাইক চালক তাঁকে পাঁচ’শ টাকা দিলে, তিনি সেটি দিয়ে দিল্লির টিকিট কাটেন। সেখান থেকে আলওয়ার কাছে তাঁর ভিটেরা গ্রামে পৌঁছান। এমন প্রত্যাবর্তনে তিনি যারপরনাই বিস্মিত। বিশেষ করে তাঁর মেয়েদের কাছে পেয়ে। যাদের একজন দশম শ্রেণি আর অন্যজন দ্বাদশ শ্রেণিতে পড়ছে।
ধর্মবীর সিংকে তাঁর পরিবারের লোকজন চিকিৎসার জন্য জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করেছেন।