'মেক ইন ইন্ডিয়া' এখন 'টেক ইন ইন্ডিয়া' হয়ে গেছে: রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

কংগ্রেসের মোদি-আক্রমণ অব্যাহত। বিহার ও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনার পর আজ সোমবার উত্তর প্রদেশের মথুরায় এক দলীয় কর্মী সমাবেশে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী বলেন, দেশের কৃষকেরা এখন আর মোদির সমালোচনা করছেন না, তাঁরা তাঁকে গালি দিতে শুরু করেছেন।
রাহুল বলেন, মোদির ফাঁকা প্রতিশ্রুতিকে কংগ্রেস আক্রমণ করেই যাবে। যত আক্রমণ ততই তাঁর অধোগমন হবে। সেই জায়গা কংগ্রেস ভরাট করবে। রাহুল বলেন, মোদি যতই প্রতিশ্রুতি দিচ্ছেন ততই তিনি নিজের ক্ষতি করে চলেছেন। ততই নিচে নামছেন।
মোদিকে আক্রমণ করে তিনি বলেন, তিনি কৃষকদের বলেছিলেন ভালো দিন আসতে চলেছে। অথচ কৃষকদের মৃত্যু-মিছিল অবিরাম। দেশের যেখানেই যাচ্ছি দেখছি কৃষকেরা প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন। বেকারদের চাকরি দেওয়ার কথা বলেছিলেন, কোথাও চাকরির চিহ্ন নেই। অবসরপ্রাপ্ত সেনানীদের পেনশন দাবি মেনে নেওয়ার পরেও এখনো সরকারি আদেশ বের হয়নি। ‘মেক ইন ইন্ডিয়া’র কথা বলেছিলেন, এখন ‘টেক ইন ইন্ডিয়া’ হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে লুটে নিয়ে যাও।
উত্তর প্রদেশে কংগ্রেসের ক্রমাগত শক্তিক্ষয়ের ফলে দলীয় কর্মীদের মনোবল তলানিতে। কর্মীদের চাঙা করতে তাই রাহুল বলেন, স্টিভ জবস যেভাবে ‘অ্যাপল’-এর পুনরুজ্জীবন ঘটিয়েছেন, সেই টিম গেম-এর মতো কংগ্রেসকেও এগোতে হবে। রাহুল বলেন, ‘কংগ্রেসে আমরা সবাই এক পরিবারের সদস্য। এখানে সিদ্ধান্ত গ্রহণের আগে মতের বিনিময় ঘটে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) মতো সবকিছু চাপিয়ে দেওয়া হয় না।’ তিনি বলেন, কংগ্রেসের আদর্শই দলকে আবার এক নম্বরে নিয়ে আসবে। উত্তর প্রদেশ বিধানসভার ভোট ২০১৭ সালে। তার আগে দলকে ঢেলে সাজার কাজে হাত দিয়েছেন রাহুল।