'মোদি ঘুমান না, ঘুমাতে দেন না মন্ত্রীদেরও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোদি নিজে ঘুমান না, মন্ত্রিসভার কাউকে ঘুমাতেও দেন না।’ এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের ধরনের প্রশংসা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও সংসদবিষয়ক মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু। খবর এনডিটিভির।
ভারতের হায়দরাবাদে গত রোববার এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন নাইডু। তবে তাঁর কথা, ‘সেই চাপটাও আমরা উপভোগ করি। কারণ, আমরা মানুষের জন্য কাজ করছি। সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করছি। জীবনের সবচেয়ে আনন্দের বিষয় এটাই।’
নাইডু রোববার যে অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন, সেটির মাঝপথেই তাঁকে চলে যেতে হয়। এর কারণ আরও চারটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেদিন সন্ধ্যাবেলায় তাঁকে স্পেনের বার্সেলোনায় চলে যেতে হয়।
মোদি কেমন কাজের লোক, এ প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করেন নাইডু। বলেন, ‘মন্ত্রিসভার অনেকেই বলেছিলেন যে ভারতের প্রতিটি মানুষের একটি ব্যাংক হিসাব খুলতে অন্তত পাঁচ বছর লাগবে। প্রধানমন্ত্রী বললেন, এটা এক বছরের মধ্যে শেষ হওয়া উচিত।’