'মোদিকে ইসলামের শত্রু দেখাতে চায় আল-কায়েদা'
উপমহাদেশে নতুন শাখা গঠনের ঘোষণার মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইসলামের শত্রু’ হিসেবে চিহ্নিত করতে চায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সন্ত্রাসবাদবিরোধী বিশেষজ্ঞ ব্রুস রিডেল গত বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন। খবর পিটিআইয়ের।
উপমহাদেশে আল-কায়েদার বিস্তার বিষয়ে সংগঠনটির প্রধান আয়মান আল জাওয়াহিরির গত বৃহস্পতিবার প্রচারিত ভিডিওবার্তাকে ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ নেওয়ার জন্য ভারতকে পরামর্শ দিয়েছেন রিডেল। তাঁর ভাষায়, এ বার্তায় মোদিকে ইসলামের শত্রু প্রতিপন্ন করতে চেয়েছেন আল-কায়েদার এই নেতা।
‘নতুন সক্ষমতা নয়’: বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ এক ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র তখন পর্যন্ত ওই ভিডিওর সত্যাসত্য কিংবা আল-কায়েদার নতুন শাখা চালুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে জাওয়াহিরির ঘোষণা সংগঠনটির নতুন সক্ষমতার কোনো ইঙ্গিত বলেও যুক্তরাষ্ট্র মনে করে না। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইটলিন হেইডেনও বলেন, উপমহাদেশে আল-কায়েদা দীর্ঘদিন ধরেই তৎপর। শাখা গঠনের ঘোষণা এটা নির্দেশ করে না যে সংগঠনটি শক্তি অর্জন করছে।