'মোদি-জাদুতে' আড়াই বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গত তিন মাসে ৫ দশমিক ৭ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। গত আড়াই বছরের যেকোনো প্রান্তিকের চেয়ে এই প্রবৃদ্ধির হার বেশি। উৎপাদন খাত ও খনি খাত প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করেছে বলে গতকাল শুক্রবার সরকারিভাবে বলা হয়েছে। খবর রয়টার্সের।
গতকালই ভারতের ৪০ জন অর্থনীতিবিদের মধ্যে চালানো রয়টার্সের এক জরিপে দেখা যায়, গত এপ্রিল থেকে জুন মাসে ৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে বলে ধারণা করছিলেন অর্থনীতিবিদেরা। এর আগের প্রান্তিকে (তিন মাসে) প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৬ শতাংশ।
প্রায় চার মাস আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজেপির নেতা নরেন্দ্র মোদির বিপুল বিজয়ই দেশটির সম্প্রতি ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে।
জিডিপির সবল অবস্থা ফিরিয়ে আনতে আগের সরকারেরও ভূমিকা ছিল। তবে তিন দশকে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদির বিজয় ভোক্তা, বিনিয়োগকারী ও ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন এনেছে, এ ব্যাপারে অর্থনীতিবিদেরা একমত।
মোদির বিজয়ের কয়েক মাস আগে থেকেই ব্যবসাবান্ধব সরকার ক্ষমতায় আসছে—এমন আশায় বিনিয়োগকারীরা অর্থলগ্নি করতে থাকেন। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে মোদি রেল খাত এবং প্রতিরক্ষাসামগ্রীর উৎপাদনে বিদেশি বিনিয়োগের শর্ত শিথিল করেন, বিনিয়োগের ক্ষেত্রে অনুমোদন-প্রক্রিয়া দ্রুততর করেন। সেই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতাও কমিয়ে আনেন।
ভারতে বিদেশি বিনিয়োগ সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে। অর্থনীতিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি আনতে যে বড় ধরনের সংস্কার দরকার, তা এখনো মোদি সরকার করে উঠতে পারেনি। তবে মোদির তিন মাস বয়সী প্রশাসন ভারতীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিপুল ইতিবাচক সাড়া পেয়েছে।