'যেতে হবে শেষ বিপন্ন মেয়েটির কাছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুশ্রম, নারী পাচার, যৌন হেনস্তা নিয়ে এক বিশেষ সেমিনারে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মালেকা বেগম। কলকাতা, ২৫ নভেম্বর। ছবি: ভাস্কর মুখার্জী
শিশুশ্রম, নারী পাচার, যৌন হেনস্তা নিয়ে এক বিশেষ সেমিনারে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মালেকা বেগম। কলকাতা, ২৫ নভেম্বর। ছবি: ভাস্কর মুখার্জী

‘শিশু-কিশোরদের নানা সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের জোট গড়তে হবে, সংগঠন করতে হবে। তারপর আমাদের এই শিশুশ্রম ও নারী পাচারের বিরুদ্ধে একযোগে লড়তে হবে। বন্ধ করতে হবে শিশুশ্রম, নারী পাচার ও নারী হেনস্তা। আমাদের যেতে হবে শেষ বিপন্ন মেয়েটির কাছে।’

বাংলাদেশ ও ভারতের শিশু অধিকারকর্মীদের প্রতি এ আহ্বান জানিয়েছেন ঢাকার সেন্ট্রাল ইউমেনস ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক মালেকা বেগম।

শিশুশ্রম, নারী পাচার, যৌন হেনস্তা নিয়ে এক বিশেষ সেমিনারে প্রধান আলোচক হিসেবে কথাগুলো বলেন তিনি। আজ শনিবার কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বোস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালেকা বেগম বলেন, বাংলাদেশ ও ভারতে শিশুশ্রম, নারী পাচার, যৌন হেনস্তা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শিশু-কিশোর-কিশোরীদের অভাবের সুযোগ নিয়ে একশ্রেণির মানুষ জোর করে ভিক্ষাবৃত্তিতে তাদের নামাচ্ছে। চাকরির প্রলোভন দিয়ে কিশোরীদের পাচার করে দিচ্ছে দেশ-বিদেশে। তারপর তাদের জোর করে যৌন ব্যবসায় নামাতেও বাধ্য করা হচ্ছে।

এই সেমিনারে প্রধান বা মূল বক্তা ছিলেন নারীনেত্রী মালেকা বেগম।

অধ্যাপক মালেকা বেগম বলেন, বিপন্ন কিশোর-কিশোরীদের সহায়তায় আমরা বাংলাদেশে গড়েছি ‘আমরাই পারি’ নামের একটি সংগঠন। এই সংগঠনটি গড়া হয়েছে নিজেদের আর্থিক সহায়তায়। এভাবে যদি আমরা কারোর মুখাপেক্ষী না হয়ে নিজেদের অর্থানুকূল্যে গড়ে তুলতে পারি সংগঠন, তবে এ দেশেরও নারীরা মুক্তির পথ দেখতে পারবেন। মালেকা বেগম আরও বলেন, শিশুশ্রম বন্ধ, নারী পাচার ও যৌন হেনস্তা বন্ধের জন্য বাংলাদেশের নারীরাও সোচ্চার। তিনি বলেন, ‘বিদেশি অর্থ দিয়ে এই লক্ষ্য পূরণ করা যাবে না। আমাদের এগোতে হবে নিজেদের তহবিল দিয়ে।’

মালেকা বেগমের আলোচনার পর এই নিয়ে আলোচনা করেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ শাকিরা শাহিন, মানবাধিকার নেত্রী শম্পা সেনগুপ্ত, আয়শা খাতুন, সোনি সোরি, মাইগুয়েল কোয়ে, সুতপা চক্রবর্তী, মৌমিতা সাহা, অধ্যাপক স্বাতী ঘোষ, অধ্যাপক মালিনী ভট্টাচার্য, অধ্যাপক শর্মিতা সেন, সেমিনারের আয়োজক সংস্থা ‘আপনে আপ উইমেন ওয়ার্ল্ড ওয়াইড’-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক রুচিরা গুপ্ত প্রমুখ।