'রাজিবকে দায়িত্ব নিতে অনুরোধ করেছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রণব মুখ​ার্জি
প্রণব মুখ​ার্জি

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতিকথার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এই গ্রন্থে ১৯৮০-৯৬ সময়ে ভারতের অস্থির রাজনীতি নিয়ে অনেক অজানা তথ্যই প্রকাশ করেছেন জ্যেষ্ঠ এই রাজনীতিক। তবে এ-ও বলেছেন, কিছু তথ্য তাঁর মৃত্যুর সঙ্গে চাপাও পড়ে যাবে। খবর এনডিটিভির।
প্রণব মুখার্জির বইটি থেকে কিছু উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হলো:
অমৃতসরে শিখদের পবিত্র স্থান স্বর্ণমন্দিরে বিতর্কিত সেনা অভিযান ‘অপারেশন ব্লুস্টার’ নিয়ে প্রণব বলেন, ‘বেশ মনে করতে পারছি, ইন্দিরা গান্ধী আমাকে বলছিলেন, “প্রণব, আমি এই অভিযানের ফলাফল জানি।” ইন্দিরা ভালোভাবেই নিশ্চিত হয়েছিলেন, আর কোনো বিকল্প পথ নেই।’ ‘সামরিক পদক্ষেপ এড়ানো যেত, বলাটা সহজ।’
শিখ নিরাপত্তারক্ষীদের হাতে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিহত হওয়া প্রসঙ্গে প্রণব লিখেছেন, ‘মিসেস গান্ধীর শরীরে ১৬টি গুলি লেগেছিল বলে আমরা খবরে জেনেছিলাম। এ নিয়ে রাজিব গান্ধী (ইন্দিরা গান্ধীর ছেলে) তাঁর পিএসওকে প্রশ্ন করেছিলেন, “ভিআইপিদের নিরাপত্তায় থাকা রক্ষীদের গুলি কতটা শক্তিশালী?” জবাবে তিনি বলেছিলেন, “খুবই।” পরে রাজিব আমাদের কাছে এসে আবেগপূর্ণ কণ্ঠে জানতে চেয়েছিলেন, “ইন্দিরা গান্ধীর কি এসব গুলি পাওনা ছিল?” আমরা শুধু হতভম্ব হয়ে বসে ছিলাম।’
ইন্দিরা গান্ধী হত্যাপরবর্তী পরিস্থিতি নিয়ে প্রণব বলেন, ‘রাজিব গান্ধীকে প্রধানমন্ত্রীর পূর্ণ দায়িত্ব নিতে আমাদের আহ্বান জানানো উচিত বলে সিদ্ধান্ত হয়। কেউ একজন পরামর্শ দেন, আমিই যেন তাঁকে অনুরোধ করি। রাজিবকে আমি দায়িত্ব নিতে অনুরোধ জানালাম। তাঁর তাৎক্ষণিক প্রশ্ন ছিল, “আপনি কি মনে করেন, আমি পারব?” বললাম, ‘হ্যাঁ, আমরা সবাই আপনাকে সাহায্য করতে প্রস্তুত।’
প্রণব আরও বলেন, ‘অনেক গল্প বেরিয়েছিল, আমি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হতে চাচ্ছিলাম! আমাকে বুঝিয়ে-সুজিয়ে নিরস্ত করা হয়। আমার আগ্রহের কারণে নাকি রাজিব গান্ধীর মনেও সন্দেহের সৃষ্টি হয়। এগুলো পুরোপুরি মিথ্যা ও বিদ্বেষমূলক।’ প্রণব লিখেছেন, রাজিবের মন্ত্রিসভায় ঠাঁই না হওয়ায় স্তম্ভিত হয়েছিলেন তিনি। ব্যাপারটা বিশ্বাসই করতে পারছিলেন না।
‘মন্ত্রিসভায় রাজিব আমাকে কেন রাখলেন না এবং দল থেকে কেন বহিষ্কার করেছিলেন সেসব প্রশ্নের জবাবে বলব, তিনি ভুল করেছিলেন। আমারও কিছু ভুল হয়েছিল। রাজিব অন্যদের নিজেকে প্রভাবিত করার সুযোগ দিয়েছিলেন। আমারও হতাশার কারণে ধৈর্যচ্যুতি ঘটেছিল।’
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তখনকার গভর্নর মনমোহন সিং সম্পর্কে প্রণবের মতান্তরের কথা প্রচলিত থাকলেও রাষ্ট্রপতি এ প্রসঙ্গে বলেন, শুধু পেশাগত বিষয়ে যৌক্তিক মতপার্থক্য ছাড়া তা আর কিছু ছিল না।
সাবেক প্রধানমন্ত্রী নরসীমা রাও সম্পর্কে প্রণব মুখার্জি বলেন, ১৯৮৬ সালের ১ ফেব্রুয়ারি অযোধ্যায় রাম জন্মভূমি মন্দির প্রাঙ্গণ উন্মুক্ত করা হয়তো ছিল তাঁর আরেকটি বিচার-বিবেচনার ভুল।