'রামজাদা না হারামজাদা' বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদের সম্মিলিত আক্রমণের মুখে আজ মঙ্গলবার দিনভর বিজেপি সরকার জেরবার। সংসদের ভেতর ও বাইরে এই আক্রমণের মুখে বিতর্কিত মন্তব্যের জন্য এক মন্ত্রীকে ক্ষমাও চাইতে হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও শুনতে হলো কেন তিনি দিনের পর দিন সংসদে গড়হাজির থাকছেন। বেশ কিছুদিন পর কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকেও দেখা গেল সংসদ ভবনে দলের বিক্ষোভে নেতৃত্ব দিতে।

সংসদ ভবন চত্বর গমগম করে ওঠে সকাল সাড়ে ১০টাতেই। রাহুলের নেতৃত্বে কংগ্রেস সাংসদেরা বিজেপিকে ‘ইউ টার্ন’ সরকার বলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের হাতে হাতে একটি পুস্তিকা। দলের পক্ষ থেকে এক এক করে ২৫টি ঘটনার উল্লেখ করে তাঁরা বলতে থাকেন, এই সরকার প্রতিটি ক্ষেত্রে এক কথা বলে অন্য পথে হাঁটছে। তারা পুরো ১৮০ ডিগ্রি ঘুরতে সময় নিচ্ছে না। কংগ্রেসের এই বিক্ষোভের সামান্য তফাতে তৃণমূল কংগ্রেস সাহারা ডায়েরিতে অমিত শাহর নাম থাকার অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানাতে থাকে। কালোটাকা নিয়ে সরকারের বিরুদ্ধে তৃণমূল যে রাজনৈতিক লড়াই শুরু করেছে, এদিনের বিক্ষোভ ছিল তারই অঙ্গ।
সংসদের বাইরে রাহুলের নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ যদি প্রধান আকর্ষণ হয়ে থাকে, সংসদের ভিতরে তা হলে বিরোধী আক্রমণের মূল লক্ষ্য ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, সিপিএম, তৃণমূল সবাই সাধ্বী নিরঞ্জনের ইস্তফার দাবি জানাতে থাকে। তাঁদের অভিযোগ, গতকাল সোমবার দিল্লিতে এক নির্বাচনী জনসভায় সাধ্বী নিরঞ্জন ভাষণে এমন সব কথা বলেছেন, যা শুধু অসংসদীয়ই নয়, ক্ষমারও অযোগ্য।
উত্তর প্রদেশের ফতেপুর থেকে প্রথমবার জয়ী কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন বলেছিলেন, ‘দিল্লির মানুষজনকেই ঠিক করতে হবে কাদের তাঁরা বাছবেন। রামজাদা (রামের সন্তান) না হারামজাদা (অবৈধ সন্তান)।’ একই সভায় তিনি সোনিয়া-কন্যা প্রিয়াংকার স্বামী রবার্টেরও সমালোচনা করে বলেন, অতি সাধারণ পরিবারের ছেলে, অথচ গান্ধী পরিবারের সদস্য হয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন, গরিবের টাকা, চুরির টাকা।

রাজ্যসভায় কংগ্রেস সদস্য আনন্দ শর্মা, অশ্বিনী কুমার, বহুজনের নেত্রী মায়াবতী, সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি, তৃণমূল সদস্য ডেরেক ওব্রায়ানসহ অনেকেই সাধ্বী নিরঞ্জনের ইস্তফা দাবি করতে থাকেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর উচিত এখনই ওকে ছেঁটে ফেলা। লোকসভায় সব দলই ওয়েলে নেমে এসে একই দাবি জানায়। অরুণ জেটলি রাজ্যসভায় বলেন, সংসদের বাইরে বলা কারও কোনো বক্তব্য সংসদের আলোচ্য হতে পারে না। কিন্তু লোকসভায় সংসদীয়মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেন, বিষয়টি নিয়ে তাঁরা খোঁজ করেছেন। সরকারকে বিপদের হাত থেকে বাঁচাতে সাধ্বী নিরঞ্জন দুই কক্ষেই নিঃশর্ত ক্ষমা চান। বিজেপি সংসদীয় দলের বৈঠকে সভাপতি অমিত শাহও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। সাংসদদের নির্দেশ দিয়েছেন, কেউ যেন আলটপকা কিছু না বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আজ সমালোচিত হন। রাজ্যসভায় ডেরেক ওব্রায়ান, সীতারাম ইয়েচুরিরা বলতে থাকেন, সংসদের অধিবেশন চলছে অথচ দিনের পর দিন প্রধানমন্ত্রী অনুপস্থিত। ডেপুটি চেয়ারম্যানের উদ্দেশে তাঁরা বলেন, প্রধানমন্ত্রীকে সভায় উপস্থিত থাকার নির্দেশ যেন জারি করা হয়।

কংগ্রেসের ‘ইউ টার্ন’ সরকারের সমালোচনার জবাব বিজেপি নেতা ভেঙ্কাইয়া নাইডু দিতে চেয়েছেন ঠিকই, তবে তা রাজনৈতিক জবাব। তিনি বলেন, এই সব প্রশ্ন না তুলে কংগ্রেসের আত্মসমীক্ষা করা দরকার কেন মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তবে এটা ঠিক, কালোটাকা হোক অথবা সীমান্ত বিল, বিজেপি তার আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে কংগ্রেসের অবস্থানেই চলে আসছে। বিমা বিলের বিরোধিতা করে আসা বিজেপি এখন বিমা বিল পাস করাতে ব্যগ্র। কংগ্রেসও বিজেপিকে সমর্থনের হাত বাড়াচ্ছে বলে খবর।