'লাভ জিহাদ'-এর অভিযোগে অভিযান
ভারতের রাঁচিতে ‘লাভ জিহাদ’-এর অভিযোগে এক যুবকের বাড়িতে গতকাল সোমবার অভিযান চালিয়েছে পুলিশ। একই সঙ্গে ওই যুবকের পাসপোর্টও জব্দ করেছে কর্তৃপক্ষ।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ওই যুবকের নাম রাকিবুল হাসান খান। তাঁর বিরুদ্ধে অভিযোগটি এনেছেন দেশটির জাতীয় পর্যায়ের শ্যুটার তারা শাহদিও।
তারার অভিযোগ, বিয়েতে প্রতারণার আশ্রয় নিয়েছেন রাকিবুল। ধর্মান্তরিত করতে এক মাসেরও বেশি সময় ধরে তাঁর ওপর রাকিবুল নির্যাতন করেছেন বলেও দাবি তাঁর।
রাঁচি পুলিশের অনুরোধে গতকাল রাকিবুলের পাসপোর্ট জব্দ করেছে কর্তৃপক্ষ। একই দিন তাঁর অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ।
রাঁচির পুলিশ জানায়, তদন্তে করে তারা জানতে পেরেছে, রাকিবুলের বাবা হিন্দু সম্প্রদায়ের এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মুসলমান। ২০০৮ সালে বাবার মৃত্যুর পর ইসলাম ধর্ম গ্রহণ করেন রাকিবুল।
রাজনীতি, বিচার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গের সঙ্গে রাকিবুলের যোগাযোগ আছে বলে অভিযোগ করেছে তারা। তবে ওই নামগুলো প্রকাশ করেনি পুলিশ।
ভারতে ভালোবাসা বা বিয়েকে টোপ হিসেবে ব্যবহার করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মেয়েদের সংখ্যালঘুরা ধর্মান্তরিত করছে বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংখ্যাগুরু বলতে হিন্দু এবং সংখ্যালঘু হিসেবে মূলত মুসলিমদের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
বিজেপি নেতারা এই কথিত প্রচেষ্টার নাম দিয়েছেন ‘লাভ জিহাদ’। এ ধরনের অভিযোগকে কেন্দ্র করে ভারতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।