'শেষ পর্যন্ত ভূমিকম্প হলোই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাখন্ডে ভূমিকম্প হওয়ার সুযোগে বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে আরেক দফা খোঁচা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুলের নাম উল্লেখ না করে গতকাল মঙ্গলবার লোকসভায় তিনি বলেন, ‘শেষ পর্যন্ত ভূমিকম্প হলোই। ধরিত্রী মা সম্ভবত রাগ করেছেন।’ এর কয়েক ঘণ্টা আগেই উত্তরাখন্ডে ভূমিকম্প অনুভূত হয়।
মোদি সরকার ৫০০ ও ১০০০ রুপির নোট আকস্মিকভাবে বাতিল করার পর রাহুল গান্ধী বলেছিলেন, ‘পার্লামেন্টে নোট বাতিল নিয়ে কথা বলতে দিলে ভূমিকম্প হবে।’
প্রধানমন্ত্রী মোদি এদিনের ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করার নামে রাহুলকে খোঁচা দেন। তিনি বলেন, ‘স্ক্যাম (কেলেঙ্কারি)-এর মতো শব্দের সঙ্গে সেবা ও নম্রতার মতো শব্দ জুড়তেই ধরিত্রী মায়ের দুঃখ হয়। তাই এ ভূমিকম্প।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের দিকে ইঙ্গিত করে বলেন, ভারতের শক্তিশালী গণতন্ত্র বা জনশক্তির জন্যই একজন চা বিক্রেতার ছেলেও প্রধানমন্ত্রী হতে পারে।
চলতি সপ্তাহেই গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশে নির্বাচন। এর আগে গত রোববার নির্বাচনী সমাবেশে মোদি বিরোধীদের কটাক্ষ করে বলেন, উত্তর প্রদেশে বিজেপির লড়াই ‘স্ক্যাম’-এর বিরুদ্ধে। মোদির ব্যাখ্যায় সমাজবাদী পার্টি, কংগ্রেস, অখিলেশ যাদব এবং মায়াবতী—এই চারের আদ্যাক্ষর নিয়েই ‘স্ক্যাম’। এর পাল্টা জবাবে রাহুল এক জনসভায় বলেন, ‘মোদি ভুল ব্যাখ্যা করেছেন। আসলে ওই শব্দগুলো হলো সেবা, কারেজ (সাহস), অ্যাবিলিটি (সক্ষমতা) এবং মডেস্টি (নম্রতা)’
পার্লামেন্টে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘নোট বাতিল সব দিক থেকে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীকে এ জন্য ক্ষমা চাইতে হবে।’ এ সময় অন্য বিরোধী নেতারাও তাঁকে সমর্থন জানান।