'সংসদে আসতে ৫৬ ইঞ্চি বুকের প্রয়োজন নেই'
ধর্মান্তর রোখা ও কালো টাকা ফেরত আনা নিয়ে সংসদের ভেতর ও বাইরে বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোণঠাসা করল। সম্মিলিত এই প্রতিরোধ ও প্রতিবাদের ফলে আজ সোমবারও সংসদের উভয় কক্ষের অধিবেশন ভেস্তে গেল। এর ফলে বিমা ও অভিন্ন বিক্রয় কর বিলসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের কাজ শেষ করা সম্ভবপর হচ্ছে না। কাল মঙ্গলবার ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মান্তর ঘটানো নিয়ে ক্ষিপ্ত বিরোধীরা বেশ কদিন ধরেই সংসদ অচল রেখেছে। বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রীকে এই বিষয়ে তাঁর সরকারের নীতির কথা জানাতে হবে। সংসদকে অচল করে রাখা বিরোধীদের এই দাবিতে মাথা নোয়াতে রাজি নয় বিজেপি। আবার বিবৃতি না এলে বিরোধীরাও গুরুত্বপূর্ণ বিল পাস করানোর ক্ষেত্রে সহযোগিতায় প্রস্তুত নয়। ফলে গণতন্ত্রের পীঠস্থান সংসদের অচলাবস্থা অব্যাহত।
সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ক্ষুব্ধ বিরোধীরা মাত্র কদিন আগে তাঁকে কটাক্ষ করে বলেছিলেন, রাজ্যসভায় আসতে গেলে ভিসার প্রয়োজন নেই। যিনি ভিসা প্রসঙ্গ তুলেছিলেন, তৃণমূল কংগ্রেসের সেই রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়ান সোমবার মোদির বলা কথা ধার করে তাঁকেই আক্রমণ করে বলেন, ধর্মান্তর নিয়ে সরকারের ভূমিকা জানাতে সংসদে আসতে গেলে ৫৬ ইঞ্চি বুকের ছাতির প্রয়োজন হয় না। প্রয়োজন হয় চার ইঞ্চি হৃদয়ের।
রাজ্যসভায় ডেরেক যখন এ মন্তব্য করছেন, প্রায় তখনই লোকসভায় সংসদীয়মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু জানান, ধর্মান্তরের কোনো ঘটনায় বিজেপি অথবা কেন্দ্রীয় সরকার জড়িত নয়। তাঁদের দল ও সরকার জবরদস্তি ধর্মান্তরকরণে বিশ্বাসও করে না। সংসদীয়মন্ত্রী জানান, যারা বা যে সংগঠন এই কাজ করছে, রাজ্য সরকারদের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
সংসদীয়মন্ত্রী বললেও কোনো রাজ্য সরকারই এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
ধর্মান্তর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসন্তুষ্ট হলেও আরএসএস বা তাদের সমর্থনকারী সংগঠনগুলি এ কাজ পুরোপুরি বন্ধও করছে না, এ নিয়ে মন্তব্য করতেও ছাড়ছে না। যেমন, আরএসএস প্রধান মোহন ভাগবত প্রকাশ্যে বলেছেন, ভারত হিন্দু রাষ্ট্র। অথচ এই রাষ্ট্রে হিন্দুদের জোর করে ধর্মান্তর করানো হচ্ছে। ফলে বিজেপি ও সঙ্ঘ পরিবারের ‘দ্বিচারিতা’ প্রকটতর হচ্ছে যা বিরোধীরা হাতিয়ার করতে ছাড়ছে না।
এই পরিস্থিতিতে সাবেক জনতা পরিবার নিজেদের সংগঠিত করার চেষ্টায় আরো একধাপ এগুলো। মুলায়ম সিং যাদব, লালু প্রসাদ, নীতিশ কুমার, শরদ যাদবেরা সোমবার রাজধানীতে সরকার বিরোধী জমায়েত করলেন এবং কালো টাকা ফেরত আনা ও ধর্মান্তর রুখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করলেন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লালু প্রসাদ বললেন, কালো টাকা দেশে ফেরাতে বিমানের বন্দোবস্ত করতে না পারলে তাঁরা উটের আয়োজন করতে পারেন।
মুলায়মের সমাজবাদী পার্টি, লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল ও নীতিশ-শরদের জনতা দল (সংযুক্ত) মিশে গিয়ে একটি নতুন দল তৈরি হবে। সাবেক সমাজবাদীদের এই সিদ্ধান্তের কথা সোমবার আবার নতুন করে জানানো হয়। নতুন দলের সম্ভাব্য নাম সমাজবাদী জনতা দল।