'সন্ত্রাস দমনে' সমর্থনের জন্য সু চির কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইনে উগ্রপন্থী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার নেপিডোয় সে দেশের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদি এই উদ্বেগ প্রকাশ করে বলেন, তাঁর আশা, দেশের একতা ও সংহতির স্বার্থে এই সহিংসতার সমাধান হবে। সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দ্বিপক্ষীয় বৈঠকের পর সু চি সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে ভারতীয় মনোভাবের জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর আশা, দুই দেশ একযোগে এই সন্ত্রাসের মোকাবিলা করতে পারবে।

রোহিঙ্গা সমস্যায় জর্জরিত মিয়ানমারে এটাই ছিল মোদির প্রথম দ্বিপক্ষীয় সফর। রাখাইন প্রদেশের পুলিশ চৌকিতে হিংসাত্মক ঘটনার পর গত দুই সপ্তাহে লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী দেশ ত্যাগ করে প্রধানত বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত কয়েক বছরে ভারতেও আশ্রয় নিয়েছে ৪০ হাজারের মতো রোহিঙ্গা শরণার্থী। এই শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, রোহিঙ্গারা অবৈধভাবে ভারতে বাস করছে। আইন অনুযায়ী তাদের ফেরত পাঠানো হবেই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংগঠন নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (নেডা) আহ্বায়ক আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গত মঙ্গলবার বলেছেন, ‘আমরা সব রাজ্যই এই বিষয়ে একমত যে যত উদ্বাস্তু নেওয়ার ক্ষমতা আমাদের ছিল, তা পূর্ণ। আর উদ্বাস্তুদের চাপ আমরা কোনো রাজ্য নিতে পারব না।’

মিয়ানমারের রোহিঙ্গা বিতাড়ন নিয়ে পৃথিবী তোলপাড় হলেও চীন ও ভারত সরকারিভাবে এই সমস্যা নিয়ে এখনো কিছু বলেনি। প্রথম সফরে মোদি এই বিষয়টির উত্থাপন কীভাবে করেন, সেদিকে নজর ছিল বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের ও মানবাধিকার রক্ষা সংগঠনগুলোর। মোদি সন্ত্রাসবাদী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করলেও রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে রোহিঙ্গারা সে দেশের নাগরিক হিসেবে স্বীকৃত নয়। সে দেশের সরকার মনে করে, রোহিঙ্গা মুসলমানরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে রাখাইন প্রদেশে অনুপ্রবেশ করেছে। আগস্ট মাসের ২৫ তারিখের হিংসাত্মক ঘটনার পর থেকে গত দুই সপ্তাহে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ভারতে রোহিঙ্গারা এসেছে অবশ্য এর অনেক আগেই।

ভারতে শরণার্থীদের জন্য কোনো আইন নেই। ১৯৫১ সালের জাতিসংঘের উদ্বাস্তু কনভেনশনের চুক্তিতে ভারত সই করেনি। ১৯৬৭ সালের প্রটোকলেও নয়। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১ কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল। আশ্রয় পেয়েছিল শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় সে দেশের তামিলরাও। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। রোহিঙ্গারা মূলত মুসলমান। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ মনে করে, বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন ক্রমেই এদের মধ্যে প্রভাব বিস্তার করছে। দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই প্রবণতা বিপজ্জনক বলে সরকার মনে করে। প্রধানত সে কারণেই রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

গতকাল সরকারি সূত্রে জানা গেছে, রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও মোদি এই সমস্যার সমাধান চান। এর প্রথম ধাপ রাখাইন প্রদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং তার পাশাপাশি ভারতে চলে যাওয়া অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নেওয়া। দ্বিতীয় ধাপ, এই বিষয়ে সু চির সঙ্গে মোদির কথা হয়েছে।

মিয়ানমারে চীনা প্রভাব সম্পর্কে ভারত অবহিত। সে দেশের সরকারের স্বার্থপরিপন্থী কিছুতে ভারতের অনাগ্রহ তাই প্রবল। সামরিক শাসনের সময়ও ভারত তাদের সাহায্য নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তির মোকাবিলা করেছে। রোহিঙ্গা প্রশ্নে ভারত তাই কখনোই চাইবে না মিয়ানমার সরকারের বিরাগভাজন হতে। ওই দেশে ভারতের অর্থনৈতিক স্বার্থও রয়েছে। রাখাইন প্রদেশে একটি বন্দর ও নদীপথ প্রকল্পে কাজ করছে ভারত। রয়েছে সড়ক নির্মাণ প্রকল্পও।

ভারতের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবারই জানতে চেয়েছেন, রোহিঙ্গা শরণার্থীদের জবরদস্তি ফেরত পাঠানোর বিষয়ে সরকারের মনোভাব কী। দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা বলেছে, মিয়ানমারে ফেরত না পাঠিয়ে ভারত বরং তাদের মেরে ফেলুক।